নেই ১১ উইকেট নেওয়া এজাজ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪ ১২:০৯ পিএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৪ ২১:৫০ পিএম
কুঁচকির চোটে ভারত সিরিজ থেকে ছিটকে পড়েছিলেন কেন উইলিয়ামসন। সমস্যা কাটিয়ে অবশেষে ইংল্যান্ড সিরিজের দলে ফিরেছেন তিনি। হাঁটু ও পিঠের ইনজুরিতে দলে জায়গা হয়নি বিয়ার সিয়ার্স ও কাইল জেমিসনের। তবে দলে নেই বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেলের নাম। অথচ ভারত সফরে মুম্বাইয়ে নিউজিল্যান্ডের সবশেষ টেস্টে ১১ উইকেট শিকার করেন তিনি।
ইংল্যান্ডের বিপক্ষে কিউই ক্রিকেট বোর্ডের ঘোষিত দলে ডাক পেয়েছেন নাথান স্মিথ। টেস্টে অভিষেকের অপেক্ষায় এ অলরাউন্ডার। সিমার জ্যাকব ডাফিকেও রাখা হয়েছে দলে। এ সপ্তাহের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল স্মিথের। গত মৌসুমে প্লাঙ্কেট শিল্ডে সর্বোচ্চ ৩৩ উইকেট নিয়ে কেন্দ্রীয় চুক্তি অর্জন করেন তিনি। গত মৌসুমের কাউন্টি চ্যাম্পিয়নশিপে উস্টারশায়ারের হয়ে তিন হাফ সেঞ্চুরির পাশাপাশি নেন ২৭ উইকেট।
ভারতে ৩-০-তে সিরিজ জয় নিউজিল্যান্ডকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সুযোগ করে দিয়েছে। তবে যদি-কিন্তুর মধ্য দিয়ে যেতে হবে দলটিকে। ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করলেও তাদের তাকিয়ে থাকতে হবে অন্য দলের ম্যাচগুলোর দিকে।
নিউজিল্যান্ড দল : টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, উইল ও’রোর্কে, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার (দ্বিতীয় ও তৃতীয় টেস্ট), নাথান স্মিথ, টিম সাউদি, কেন উইলিয়ামসন, উইল ইয়াং।