× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আশরাফুলের মতে পথ খুলে দিচ্ছেন সালাহউদ্দিন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪ ২১:০৫ পিএম

আপডেট : ১৪ নভেম্বর ২০২৪ ২১:১৬ পিএম

আশরাফুলের মতে পথ খুলে দিচ্ছেন সালাহউদ্দিন

দেশের ক্রিকেটে জনপ্রিয় মুখ কোচ মোহাম্মদ সালাহউদ্দিন স্থানীয় ক্রিকেটারদের কাছে আস্থার এক নাম। যেকোনো সমস্যায় সাকিব আল হাসান, তামিম ইকবালসহ অনেক ক্রিকেটারই অভিজ্ঞ এই কোচের দ্বারস্থ হন। অথচ ২০১০ সালের পর থেকে জাতীয় দলের আশপাশেই ছিলেন না তিনি। সম্প্রতি টাইগারদের সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সালাহউদ্দিন। তার অন্তর্ভুক্তিকে ইতিবাচক হিসেবেই দেখছেন মোহাম্মদ আশরাফুল। দেশের ক্রিকেটে প্রথম সুপারস্টারের মতে, কোচ সালাহউদ্দিন খুলে দিতে পারেন স্থানীয় কোচদের জাতীয় দলে কোচিংয়ের সম্ভাবনা।

ক্রিকেটকে বিদায় জানিয়ে এখন পুরোদস্তুর পেশাদার কোচ বনে গেছেন ৪০ বছর বয়সি আশরাফুল। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে আইসিসির লেভেল-৩ কোচিং কোর্স সম্পন্ন করেছেন। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সের প্রধান কোচ মিকি আর্থারের সহকারী হিসেবে শুরু হচ্ছে তার পথচলা। অবশ্য বিপিএলের আগেই রংপুরকে নিয়ে যাচ্ছেন গ্লোবাল টি-টোয়েন্টি সুপার লিগে। সে লক্ষ্যে বৃহস্পতিবার মিরপুর স্টেডিয়ামের একাডেমি মাঠে তার অধীনে প্রথমবারের মতো অনুশীলন সেরেছে রাইডার্সরা।

অনুশীলন শেষে জাতীয় দলের নতুন সহকারী কোচ সালাহউদ্দিনের অন্তর্ভুক্তিকে ইতিবাচক হিসেবেই দেখার কথা জানিয়েছেন টেস্ট ক্রিকেট ইতিহাসের সর্বকনিষ্ঠ এই সেঞ্চুরিয়ান, ‘নিশ্চয়...  (ভালো লাগা), এটা আরও আগে করা উচিত ছিল, বিশেষ করে অনেকগুলো পজিশনেই আমাদের স্থানীয় কোচ থাকলে ভালো হতো। সালাহউদ্দিন ভাই প্রায় ১৩-১৪ বছর পরে আবার জাতীয় দলের রাডারে ঢুকেছেন, এটা আমি মনে করি অবশ্যই পজেটিভ। আমাদের প্লেয়ারদের জন্যও ভালো। হয়তো সবার সাথে ওনার সহজ সম্পর্ক আছে।’

আশরাফুলের মতে, ভবিষ্যতে যারা জাতীয় দলের কোচ হওয়ার স্বপ্ন দেখেন, সালাহউদ্দিনের অন্তর্ভুক্তি তাদের জন্য ইতিবাচক দিক, ‘আমি মনে করি যে খুবই ভালো সালাহউদ্দিন ভাই ঢোকাটা আমাদের, বাঙালি যারা আছেন, যারা ভবিষ্যতে স্বপ্ন দেখেন ডেফিনেটলি তাদের জন্য ভালো।’

কোচিং ক্যারিয়ারে জাতীয় দলের প্যানেলে ঢোকার স্বপ্ন দেখেন কি নাÑ এমন প্রশ্নে আশরাফুলের জবাব, ‘সবারই তো স্বপ্ন থাকে কিন্তু আমার এখনও শেখার অনেক কিছু বাকি আছে। আমি খেলেছি ঠিক আছে, লেভেল-থ্রিও (কোচিং) করেছি, এটাও ঠিক আছে। তবে কাজ করতে হবে, শুরু করলাম, আশা করি যে এখানে ভালো করলে তখনই আসলে সুযোগ হবে।’

আগামী ২৬ নভেম্বর পর্দা উঠবে গ্লোবাল সুপার লিগের। রংপুর ছাড়া টুর্নামেন্টটিতে অংশ নেবে স্বাগতিক ক্যারিবীয় দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হকস, পাকিস্তানের লাহোর কালান্দার্স, অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ান ক্রিকেট দল। প্রতিপক্ষের দলগুলোকে কঠিন মনে হলেও গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যের কথাই জানিয়েছেন আশরাফুল, ‘অবশ্যই সহজ হবে না। কঠিন হবে। তারপরও আমি মনে করি যে এটা আমাদের স্থানীয় ক্রিকেটারদের জন্য বড় একটা সুযোগ। কঠিন হবে। তবুও আমার মনে হয় আমাদের সবার দলগত পারফরম্যান্স যদি ভালো থাকে, ব্যক্তিগত পারফরম্যান্সও যদি ভালো করে, তাহলে অবশ্যই আমাদের লক্ষ্য ফাইনাল খেলা। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য তো সবার থাকে। তবে প্রথম লক্ষ্য ফাইনাল খেলা।’ নিজেদের দল নিয়েও বেশ আশাবাদী আশরাফুল, ‘রংপুর দল হিসেবে খুবই ভালো। আমরা জানি যে বিপিএলে এটি দল হিসেবে তিন-চারটি দলের একটি। প্রচুর গোছানো একটা দল। এই দলের অংশ হতে পেরে ভালো লাগছে। আরও তিন দিন আমরা অনুশীলন করব, এরপর একটি অনুশীলন ম্যাচ খেলব। ওয়েস্ট ইন্ডিজেও আরও চার দিন অনুশীলন করব। ভালো পরিবেশে কাজ করতে অবশ্যই ভালো লাগে।’ 

রংপুর রাইডার্স স্কোয়াড: নুরুল হাসান সোহান (অধিনায়ক), সৌম্য সরকার, শেখ মেহেদি, আফিফ হোসেন, মোহাম্মদ সাউফউদ্দিন, সাইফ হাসান, রিশাদ হোসেন, আরাফাত সানি, কামরুল ইসলাম রাব্বি, ম্যাথু ফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ), হারমিত সিং (যুক্তরাষ্ট্র), ওয়েইন ম্যাডসেন (ইংল্যান্ড), জ্যাক চ্যাপেল (ইংল্যান্ড)।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা