প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪ ১৯:৫৯ পিএম
রঞ্জি ট্রফির ইতিহাসে নতুন নজির তৈরি হয়েছে। গোয়ার দুই ব্যাটার কাশ্যপ বাকলে ও স্নেহাল কৌতানকর মিলে গড়েছেন ৬০৬ রানের জুটি। ব্যাটিংয়ে সপ্তস্বর্গে চড়ার দিনে ইনিংস এবং ৫৫১ রানে জিতেছে গোয়া।
গতকাল গোয়ার বিপক্ষে অরুণাচল
প্রদেশ প্রথম ইনিংসে ৮৪ রানে অলআউট হয়ে যায়। জবাবে দলের ১২১ রানের মাথায় কাশ্যপের সঙ্গে
যোগ দেন স্নেহাল। এরপর তাদের আর কোনো উইকেট পড়েনি। তৃতীয় উইকেটে দুই ব্যাটার ৬০৬ রান
তোলেন। স্নেহাল ৩১৪ এবং কাশ্যপ ৩০০ রান করে অপরাজিত থাকেন। রঞ্জি ট্রফির ইতিহাসে যে
কোনো উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি। আগে এই নজির ছিল মহারাষ্ট্রের দুই ব্যাটার স্বপ্নিল
সুগালে এবং অঙ্কিত বাওনের। তারা ৫৯৪ রানের জুটি গড়েছিলেন। ২০১৬-১৭ মৌসুমে দিল্লির
বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন তারা। তার আগে ১৯৪৬-৪৭ সালে বরোদার হয়ে হোলকারের বিরুদ্ধে
নজির গড়েছিলেন বিজয় হজারে এবং গুল মোহাম্মদ (৫৭৭)।
আগের ম্যাচে মিজোরামের বিপক্ষে
২৫০ রান করেছিলেন স্নেহাল। এবার ত্রিশত রান করলেন। সেটাও ২০৫ বলে। রঞ্জি ট্রফির ইতিহাসে
দ্বিতীয় দ্রুততম দ্বিশত রান এটিই। গত বছর এই অরুণাচলের বিপক্ষে হায়দরাবাদের তন্ময় আগরওয়াল
১৪৭ বলে দ্বিশত রান করেছিলেন। সেটিই দ্রুততম।