প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪ ১৬:৫০ পিএম
দিয়েগো ফোরলান
ফুটবল মাঠে প্রবেশ করলে দর্শকদের কাছে যেমন অভিবাদন পেতেন। এবারও পেলেন দিয়েগো ফোরলান। তবে মন্টেভিডিওর কারাসকো লন টেনিস সেন্টারের কোর্টে। এবারের রোমাঞ্চটা অন্যরকম। চারপাশ যেন মুখরিত হলো কেবল করতালির আওয়াজে। হঠাৎ এমনটা ঘটার কারণ? পেশাদার টেনিসে অভিষেক ম্যাচ খেলতে নেমেই উরুগুইয়ান ফুটবল কিংবদন্তি পেলেন এমন সম্মান।
এটিপি চ্যালেঞ্জার ট্যুরের উরুগুয়ে ওপেনের মধ্য দিয়ে পেশাদার টেনিসে প্রথমবার নাম লিখলেন ফোরলান। কোর্টের লড়াইয়ে র্যাকেট হাতে দ্যুতিও ছড়ালেন। দ্বৈত ইভেন্টে নেটের সামনে ছিলেন সপ্রতিভ। র্যাকেট চালাতে বাড়তি শক্তি খরচ করে মিসও হলো তার অনেক শট। তবে ভুল শুধরে নিলেও শেষ অবধি চ্যালেঞ্জিং বৈতরণী পেরিয়ে যেতে পারেননি।
আর্জেন্টাইন খেলোয়াড় ফেদেরিকো কোরিয়ার সঙ্গে জুটি গড়ে সরাসরি সেটে হার মেনেছেন ৪৫ বছরের এ কিংবদন্তি। বলিভিয়ান জুটি বরিস আরিয়াস ও ফেদেরিকো জেবায়সের কাছে অসহায় আত্মসমর্পণ করেন ম্যাচে পাত্তা না পেয়ে। ক্যারিয়ারের প্রথম ম্যাচটা রাঙানোর হলো না। ৬-১, ৬-২ গেমে দুঃস্বপ্নের হারে শেষ ষোলো পর্ব থেকেই বিদায় নিলেন ফোরলান ও কোরিয়া। আরিয়াস ও জেবায়স জয়ের হাসি হেসেছেন মাত্র ৪৭ মিনিটেই।