× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্যারাগুয়ের গ্যালারিতে আর্জেন্টিনার জার্সি ‘নিষিদ্ধ’, যা বললেন স্কালোনি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪ ১২:০০ পিএম

আপডেট : ১৪ নভেম্বর ২০২৪ ১৩:০৩ পিএম

প্যারাগুয়ের গ্যালারিতে আর্জেন্টিনার জার্সি ‘নিষিদ্ধ’, যা বললেন স্কালোনি

প্যারাগুয়ে-আর্জেন্টিনা ম্যাচের আগেই শুরু হয়েছে ‘জার্সির যুদ্ধ’। স্থানীয় দর্শকের কাউকে আর্জেন্টিনার জার্সি গায়ে গ্যালারিতে ঢুকতে দেওয়া হবে না বলে সতর্ক করে দিয়েছে প্যারাগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন। উদ্দেশ্যটা পরিষ্কার, ঘরের মাঠকে দুর্গ করে তুলতে চান তারা। তবে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির বিশ্বাস, লিওনেল মেসির যে জনপ্রিয়তা, সে ঢেউ এ নিষেধাজ্ঞার বাঁধ ভেঙে প্যারাগুয়ের গ্যালারিতে আছড়ে পড়বেই।

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বাংলাদেশ সময় শুক্রবার ভোর সাড়ে ৫টায় প্যারাগুয়ের আসুনসিওনে মুখোমুখি হবে এ দুই দল। প্যারাগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপক ফের্নান্দো ভিয়াসবোয়া ম্যাচের আগে স্থানীয় দর্শককে সতর্ক করে দেন, জার্সি গায়ে মাঠে এলে সেটা শুধু প্যারাগুয়ের জার্সি হতে হবে, ‘আমাদের দলের জার্সি ছাড়া অন্য কোনো শার্ট পরে ঢোকার অনুমতি আমরা দেব না। মেসির সঙ্গে কোনো সমস্যা নেই। সব ফুটবলারের ক্যারিয়ারকে সম্মান করি আমরা। কিন্তু এখানে মূল ব্যাপারটি হলো, ঘরের মাঠ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে প্যারাগুয়ে কোচ গুস্তাভো আলফারো বলেন, জার্সির ব্যাপারটিতে তার কোনো এখতিয়ার নেই। তবে মেসির এ ম্যাচে স্বরূপে দেখতে চান না তিনি, ‘জার্সি নিষিদ্ধ করা নিয়ে আমার কিছু করার নেই। এটা নিয়ে কোনো ধারণাই নেই আমার। আমার ধারণা, সম্ভাব্য সংঘর্ষের মাত্রা কমানোর জন্য এটা করা হতে পারে। মেসি কাল আমাদের প্রতিপক্ষ। পেরুর বিপক্ষে পরের ম্যাচের জন্য তাকে শুভকামনা জানাই যে, জীবনের সেরা ম্যাচটি খেলুক, কিন্তু কাল নয়।’

আর্জেন্টিনা ছাপিয়েও দুনিয়াজুড়ে লিওনেল মেসির যে আবেদন, তার প্রভাব এ ম্যাচেও গ্যালারিতে ফুটে উঠবে বলে মনে করেন আর্জেন্টিনার কোচ স্কালোনি, ‘যৌক্তিকভাবে চিন্তা করলে প্যারাগুয়ের সমর্থকরা তাদের ফুটবলারদের জন্য নিজেদের জাতীয় দলের জার্সিই পরতে চাইবে। তবে লিও তো এসবের চেয়েও শক্তিশালী এবং অবশ্যই সেখানে (গ্যালারিতে) আর্জেন্টিনার জার্সি থাকবেই। এর মানে এই নয় যে তারা প্যারাগুয়েকে সমর্থন করেন না। তবে ফুটবলের লোকেরা যখন লিওকে স্বীকৃতি দেয়, এটা খেলাটির জন্যই ভালো। কেবল জার্সি গায়ে চাপালেই কেউ আর্জেন্টিনার ভক্ত হয়ে যায় না।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা