প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪ ২২:০৪ পিএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৪ ২২:০৮ পিএম
ল্যাটিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আগামী শুক্রবার মাঠে নামবে আর্জেন্টিনা। আসুনসিওনে বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় আলবেসেলেস্তাদের আতিথ্য দেবে প্যারাগুয়ে। ম্যাচটির আগে দুঃসংবাদ পেল আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ ম্যাচে পাওয়া যাবে না দলের তারকা ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজকে।
রবিবার লেস্টার সিটির বিপক্ষে ৩-০ গোলে জয়ের দিনে নিতম্বে চোট পান ম্যানচেস্টার সিটি তারকা। এরপরই আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ ছাড়াও পেরু ম্যাচে নামা হবে না ২৬ বর্ষী তারকার। কমপক্ষে দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে।
লেস্টার সিটির বিপক্ষে পুরো সময় মাঠে ছিলেন লিসান্দ্রো। বেশ কয়েকটি আক্রমণ রুখে দেন। প্রথমার্ধ স্বাভাবিকভাবে পার হলেও দ্বিতীয়অর্ধে নিতম্বে চোট পান তিনি। সাময়িক চিকিৎসা নিয়ে মাঠে টিকে থাকেন। তবে ম্যাচ শেষে জানা যায় তার ইনজুরি গুরুতর।
২০২৪ সালে আর্জেন্টিনার হয়ে ১৪ ম্যাচের ১০টিতেই মাঠে ছিলেন লিসান্দ্রো। ২০১৯ সালে অভিষেকের পর সব মিলিয়ে এখন পর্যন্ত জাতীয় দলের জার্সিতে তিনি খেলেছেন ২৬ ম্যাচ। তবে ইনজুরির কারণে বছরের শেষ দুই ম্যাচ মিস করবে তিনি।