ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড সিরিজ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪ ১৬:৩৯ পিএম
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে সীমালঙ্ঘন করেছিলেন আলজারি জোসেফ। অধিনায়ক শাই হোপের সিদ্ধান্তে বিরক্ত প্রকাশ করে মাঠ ছেড়েছিলেন তিনি। ফলে দুই ম্যাচ নিষেধাজ্ঞায় পড়েন তারকা এই পেসার। নিষেধাজ্ঞা কাটিয়ে জোফেস ফিরেছেন দলে। সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ফেরানো হয়েছে তাকে।
বুধবার এক বিজ্ঞপ্তিতে আলজারির ফেরার বিষয়টি নিশ্চিত করেছে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড। দেশটির বোর্ড থেকে আন্দ্রে রাসেলের ইনজুরি ও বাদ পড়ার বিষয়টিও জানানো হয়েছে। তারকা পেস অলরাউন্ডার বাঁ পায়ের গোড়ালি মচকে গেছে। ফলে সিরিজের বাকি তিন ম্যাচে দেখা যাবে না তাকে। তার জায়গায় দলে ফেরানো হয়েছেন আরেক পেস অলরাউন্ডার শ্যামার স্প্রিংগারকে। অন্যদিকে আলজারির উপস্থিতিতে কপাল পুড়ছে সামার জোসেফের।
পাঁচ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে স্বাগতিক দল। তৃতীয় ম্যাচটি বাঁচা-মরা ওয়েস্ট ইন্ডিজের জন্য। রোভম্যান পাওয়েলরা প্রথম ম্যাচে ১৫৯ এবং দ্বিতীয় ম্যাচে ১৮৩ রান করেও বড় ব্যবধানে পরাজয় দেখে। তবে স্প্রিংগার হতে পারেন বড় নিয়ামক। শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হওয়া এই পেস অলরাউন্ডার খেলেছেন দুটি ম্যাচ। রান আটকে রাখার ক্ষেত্রে দারুণ ভূমিকা রেখেছেন তিনি। প্রথম ম্যাচে কোটার চার ওভার বোলিং করে ২৫ রান খরচ করেছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচে ছিলেন আরও কিপটে। এক রান কম খরচ করেছিলেন পরের ম্যাচে।
ওয়েস্ট ইন্ডিজ দল: রোভম্যান পাওয়েল (অধিনায়ক), রোস্টন চেজ, ম্যাথু ফোর্ড, শিমরন হেটমায়ার, টেরেন্স হিন্ডস, শাই হোপ, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, গুদাকেশ মতি, নিকোলাস পুরান, শেরফেন রাদারফোর্ড ও রোমারিও শেফার্ড।