প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪ ২০:৩৩ পিএম
ভারতের বিপক্ষে দুটি সিরিজের পর টানা চারটি সিরিজ হেরেছে বাংলাদেশ। টাইগারদের এবার ক্যারিবিয় সফর। সেখানে ভাগ্য পরিবর্তনের আশা দেখছেন মেহেদী হাসান মিরাজরা— ছবি: এসিবি
ভারত ও দক্ষিণ আফ্রিকা সিরিজের ব্যর্থতা ভোলার কথা বলে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিল বাংলাদেশ। সেখানেও সেই ব্যর্থতা। নিজেদের পছন্দের ফরম্যাটে নাজমুল হোসেন শান্তরা হেরেছে সিরিজ। তবে পুরোনো নিয়ে পড়ে থাকার সময় নেই, আজ রাতেই টাইগারদের ধরতে হয়েছে ক্যারিবিয় দ্বীপের বিমান। সেখানে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির পূর্ণা্ঙ্গ সিরিজ। এই মাসেই শুরু হওয়া সিরিজ নিয়েই বেশি ভাবনা বাংলাদেশের। কোচ ফিল সিমন্স থেকে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের কণ্ঠেও তাই অভিন্ন লক্ষ্য, ‘সফরটি কঠিন হবে। তবে ওয়েস্ট ইন্ডিজে ফিরতে চাই।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে দলের কোচিংয়ে আসেন সিমন্স। ঢাকা-চট্টগ্রাম হয়ে শারজায় এবং এবার ক্যারিবিয়ান যাত্রা। এখানকার কন্ডিশন একদমই চেনা সিমন্সের। তবে টাইগার কোচের উপলব্ধি, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য।
২২ নভেম্বর অ্যান্টিগায় প্রথম টেস্ট। ৩০ নভেম্বর জ্যামাইকায় বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্ট। সিরিজের আগে ১৫ নভেম্বর থেকে একটা তিন দিনের প্রস্তুতি ম্যাচও আছে। ডিসেম্বরে ওয়ানডে সিরিজ পুরোটা হবে সেন্ট কিটসে, টি-টোয়েন্টি সিরিজ হবে সেন্ট ভিনসেন্টে। সোমবার শারজায় আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের পর ওয়েস্ট ইন্ডিজ সফরের চ্যালেঞ্জটাও জানিয়েছেন সিমন্স, ‘সেন্ট কিটসে আমরা একই রকম কন্ডিশনে ওয়ানডে খেলব। সেন্ট ভিনসেন্টে টি-টোয়েন্টি কেমন হবে জানি না। ওখানে অনেকদিন যাইনি। তবে অ্যান্টিগা ও জ্যামাইকায় টেস্ট ম্যাচ ভালো উইকেটে হবে, কঠিন ক্রিকেট হবে।’
অধিনায়কত্বের প্রথম পরীক্ষায় মিরাজ পাশ করতে পারেননি। নিয়মিত টেস্ট অধিনায়ক শান্তর কুঁচকির চোটে ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট সিরিজেও নেতৃত্বে থাকছেন মিরাজ। তার চাওয়া শারজায় পাওয়া শিক্ষা ক্যারিবিয় মুলুকে কাজে লাগানোর, ‘এখানে কিছু অর্জন আছে আমাদের ৷ অনেক দিন পর শারজায় খেললাম ৷ ঘুরে দাঁড়িয়েছিলাম ৷ পরের সিরিজ ওয়েস্ট ইন্ডিজে, সেখানে রওনা দিচ্ছি। কাজটা হবে কঠিন। তবে সেখানে ভালো করতে চাই।’
বাংলাদেশের জন্য কাজটা আসলেই কঠিন। আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি টাইগারদের সক্ষমতায় চোখে আঙুল দিয়ে দেখিয়েছে। অবশ্য টানা সাফল্যে আফগানরা ওয়ানডে র্যাঙ্কিংয়ে এগিয়েছে। তবে পেছনে পড়ে গেছে বাংলাদেশ। সিরিজ শেষ হতেই র্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। সিরিজ শুরুর আগে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৮৬, আফগানিস্তানের ৮৪। বাংলাদেশ সিরিজে দুটি ম্যাচ হারায় আর আফগানরা দুটি ম্যাচ জেতায় দুই দলের পয়েন্টই এখন ৮৫। অর্থাৎ, আফগানদের ১ পয়েন্ট বেড়েছে অন্যদিকে বাংলাদেশের ১ পয়েন্ট কমেছে। তবে ভগ্নাংশের দিক থেকে আফগানরা বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে। র্যাঙ্কিংয়ে তাই নিজেরা উঠে গেছে ৮ নম্বরে, বাংলাদেশকে ঠেলে দিয়েছে ৯ নম্বরে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের মতো এলিট টুর্নামেন্টে অংশ নেয় এমন দলগুলোর মধ্যে বাংলাদেশের নিচে আছে কেবল ওয়েস্ট ইন্ডিজ। এবার তাদের বিপক্ষে লড়াই। দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টির পাশাপাশি তিনটি ওয়ানডেও খেলবে বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্ট দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্র শেষ করবে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ সিরিজে চোটের কারণে থাকতে পারছেন না নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। লিটন দাসকে নিয়েও আছে শঙ্কা। ওসব মানিয়ে নিয়েই ভালো কিছুর স্বপ্ন দেখছেন সাবেক ক্যারিবিয়ান তারকা সিমন্স, ‘আমার মনে হয় বেশিরভাগ ছেলেরা মুখিয়ে আছে। দুর্ভাগ্যজনকভাবে কিছু ইনজুরির সমস্যা আছে। অন্য যারা সুযোগ পেয়েছে তারা কী করতে পারে সেটা দেখানোর বিষয়।’