প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪ ১৯:৫৭ পিএম
বিপিএলের শুরু থেকেই একটি বিষয় অতপ্রোতভাবে জড়িত। সেটা হল- পারিশ্রমিক সমস্যা। আগামী ৩০ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএলের নতুন আসর যখন ঘনিয়ে আসছে, তখনই গত আসরের পারিশ্রমিক নিয়ে বেশ কজন বিদেশি ক্রিকেটারের অভিযোগের কথা উঠে এলো। তাদের সেই বকেয়া অর্থ পরিশোধের ব্যবস্থা নিতে বিপিএল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে ওয়ার্ল্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডব্লিউসিএ)।
এ ব্যাপারে ইতোমধ্যেই বিসিবিকে একটি
চিঠি পাঠিয়েছে বিশ্বব্যাপী খেলোয়াড়দের প্রতিনিধিত্বকারী সংগঠনটি। ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম
ক্রিকবাজের সঙ্গে আলাপকালে ডব্লিউসিএ’র প্রধান নির্বাহী টম মোফাট বলেন, ‘বিপিএলের গত
আসরে খেলোয়াড়দের পারিশ্রমিক না পাওয়ার ও বিলম্বে পাওয়ার ব্যাপারে উল্লেখযোগ্য সংখ্যক
অভিযোগ এসেছে আমাদের কাছে এবং এর বেশিরভাগই এখনো মীমাংসিত হয়নি।’
গত বিপিএলের অন্তত ১৫ জন ক্রিকেটার
পারিশ্রমিক ইস্যুতে অভিযোগ জানিয়েছেন। যা প্রায় আড়াই লাখ মার্কিন ডলারের মতো। অন্যদিকে
একটি ফ্র্যাঞ্চাইজি আছে যারা এবারের আসরের অংশ নিচ্ছে না, তারা প্রায় এক লাখ ডলারের
মতো বকেয়া রেখে গেছে। গতবার খেললেও এবার অংশ নিচ্ছে না কুমিল্লা ভিক্টোরিয়ান্স, চট্টগ্রাম
চ্যালেঞ্জার্স ও দুর্দান্ত ঢাকা। তাদের পরিবর্তে দুটি নতুন ফ্র্যাঞ্চাইজি- ঢাকা ক্যাপিটালস
ও দুর্বার রাজশাহীর দেখা মিলবে এবার। এছাড়া ১১ বছর পর দল গড়েছে চিটাগং কিংস।
এদিকে পারিশ্রমিক ইস্যুটি সমাধানের
প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বিপিএলের গভর্নিং কাউন্সিলের সচিব নাজমূল আবেদীন ফাহিম।
তিনি বলেন, ‘সেই সমস্যাটি সমাধানের প্রক্রিয়া শুরু হয়েছে। বিসিবির প্রধান নির্বাহী
বিষয়টি দেখছেন এবং তিনিই সঠিক উত্তর দিতে পারবেন এর। তবে ডব্লিউসিএ’র চিঠির বিষয়টি
সমাধানের জন্য প্রয়োজনীয় কাজ করা হচ্ছে।’
এদিকে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
বাংলাদেশের (কোয়াব) সাধারণ সম্পাদক দেবব্রত পল জানান, ১৫ জন ক্রিকেটারের মধ্যে ১২ জনের
বকেয়া পারিশ্রমিক ফ্র্যাঞ্চাইজিদের মাধ্যমে পরিশোধ করা হয়েছে। বাকি তিন ক্রিকেটার যে
তিনটি ফ্র্যাঞ্চাইজি থেকে এখনও পারিশ্রমিক পাননি, দ্রুতই তারা নিজেদের পারিশ্রমিক পাবেন
বলেও আশ্বস্ত করেছেন তিনি।
এদিকে বিসিবির সাবেক সভাপতি নাজমুল
হাসান পাপন বিপিএলকে ‘যন্ত্রণা’ অ্যাখায়িত করেছিলেন। দেশের রাজনৈতিক পটপরিবর্তনে এখন
নতুন সভাপতি হয়েছেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ, যিনি আবার বিপিএল গভর্নিং কাউন্সিলের
চেয়ারম্যানও। অতীত ইস্যু সামলে তিনি কীভাবে বিপিএলকে একটি সফল টুর্নামেন্টে রূপ দেন,
সেটাই এখন দেখার বিষয়।