প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪ ১৭:৫৬ পিএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৪ ১৭:৫৮ পিএম
বছরখানেক ক্রিকেট থেকে দূরে ভারতের ফাস্ট বোলার মোহাম্মদ সামী। গত বছর ওয়ানডে বিশ্বকাপে আহমেদাবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষবার গতির ঝড় তুলেছিলেন। এরপরই বসেন ছুরি কাঁচির নিচে। তবে বছর না ঘুরতেই দেশটির ঘরোয়া রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে মাঠে ফিরছেন সামী।
জানা গেছে, আগামীকাল শুরু হতে যাওয়া রঞ্জি ট্রফিতে খেলবেন সামী। ইতোমধ্যে মহাদেশ প্রদেশের ইনডোরে অনুশীলনও করেছেন তিনি। যদিও বেশ কয়েকমাস রিহ্যাবের মধ্য দিয়ে গেছেন। তাছাড়া নভেম্বরের ২২ তারিখ পার্থে বর্ডার গাভাস্কার ট্রফিতে খেলবে ভারত। তার আগেই নিবিড় পর্যবেক্ষণের অংশবিশেষ রঞ্চি ট্রফিতে নামছেন সামী। যদিও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে স্কোয়াডে নেই তিনি। তারপরও টিম ম্যানেজমেন্টের চাওয়াতে প্রস্তুত হচ্ছেন সামী।
সামী নিজেও আশাবাদী জাতীয় দলে ফেরার ব্যাপারে। এর আগে সংবাদ মাধ্যমকে বলেছিলেন, আশা করি রঞ্চি ট্রফিতে ফিটনেস প্রমাণ দিয়ে অস্ট্রেলিয়ার বিমান ধরব। দুই ভাগে বিভক্ত রঞ্চি ট্রফিতে হয়ত প্রথম রাউন্ডে খেলবেন সামী। চাইলে আরও ঘরোয়া ক্রিকেট খেলতে পারবেন তিনি। আইপিএলের মেগা নিলামের আগে শুরু হবে সৈয়দ মোশতাক আলী ট্রফি। এরমধ্যে জাতীয় দলে ডাক না পেলে মোশতাক ট্রফিতেও দেখা যেতে পারে তাকে।
ভারতের সংবাদমাধ্যমগুলো বলছে, সামী যদি রঞ্জি ট্রফিতে ফিটনেস এবং পারফরম্যান্স দেখাতে পারেন তবে অস্ট্রেলিয়া সিরিজে ডাক পড়তে পারে তার। যদিও অজিদের বিপক্ষে জাসপ্রিত বুমরা নেতৃত্বাধীন স্কোয়াডে রয়েছেন মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রাসিধ কৃষ্ণা ও হর্ষিত রানা। রিজার্ভে মজুদ খলিল আহমেদ, মুকেশ কুমা ও নবদীপ সাইনি।