প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪ ১৪:১৫ পিএম
চলতি বছর টানা তিন ওয়ানডে সিরিজে সেঞ্চুরির দেখা পেয়েছেন রহমানউল্লাহ গুরবাজ। সবশেষ গতকাল বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি হাকিয়েছেন আফগানিস্তানের এই উইকেটকিপার ব্যাটার। এই সেঞ্চুরি একটা জায়গায় শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, বাবর আজমদের ছাড়িয়ে গেছেন গুরবাজ।
ডানহাতি ব্যাটার গুরবাজ অষ্টম ওয়ানডে সেঞ্চুরি করেছেন ২২ বছর ৩৪৯ দিনে। এর চেয়ে কম বয়সে ওয়ানডেতে অষ্টম সেঞ্চুরি করতে পেরেছেন মাত্র একজন— দক্ষিন আফ্রিকার উইকেটকিপার ব্যাটার কুইন্টন ডি কক। কিংবদন্তি শচীনের অষ্টম সেঞ্চুরি করতে লেগেছিল ২২ বছর ৩৫৭ দিন। কোহলি ও বাবর দুজনেরই লেগেছে ২৩ বছরের চেয়ে বেশি।
ম্যাচের হিসাবে গুরবাজের আট সেঞ্চুরি তৃতীয় দ্রুততম। দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি হাশিম আমলা মাত্র ৪৩ ম্যাচেই ৮টি সেঞ্চুরি করেছেন। সাবেক পাক অধিনায়ক বাবরের লেগেছে ৪৪ ম্যাচ। গতকাল গুরবাজের ৪৬তম ওয়ানডে ছিল। পাকিস্তানের ইমাম-উল-হকও আছেন এই তালিকায়। এই ওপেনারের ৮টি সেঞ্চুরি করতে লেগেছে ৪৭টি ম্যাচ। ৮টি সেঞ্চুরিতে সর্বকনিষ্ঠ ডি কক অষ্টম সেঞ্চুরি পেয়েছেন ৫২তম ম্যাচ।
চলতি বছরের মার্চে শারজাতে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি করেছিলেন গুরবাজ। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবার ওয়ানডে সিরিজ জয়েও আফগান এই ওপেনার পেয়েছেন সেঞ্চুরি। গতকাল বাংলাদেশের বিপক্ষেও সেঞ্চুরি হাকিয়ে সিরিজ জেতানোর নায়ক বনেছেন তারকা এই ব্যাটার।