প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪ ১২:৩৯ পিএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৪ ১২:৪২ পিএম
বয়সভিত্তিক ও ঘরোয়া ক্রিকেটে অধিনায়কের ভূমিকা পালন করলেও জাতীয় দলের নেতৃত্বে একেবারেই নতুন মেহেদি হাসান মিরাজ। শারজায় আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো নেতৃত্ব দিয়েছেন এই অলরাউন্ডার। শুরুর অভিজ্ঞতাটা অবশ্য ভালো হলো না মিরাজের। সিরিজ নির্ধারণী অলিখিত ফাইনাল আফগানদের কাছে ম্যাচে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ।
সোমবার (১১ নভেম্বর) শারজা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের দেওয়া ২৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রহমানুল্লাহ গুরবাজের সেঞ্চুরি ও আজমতউল্লাহ ওমরজাইয়ের অলরাউন্ড পারফরম্যান্সে ১০ বল হাতে রেখে জয়ে ২-১ ব্যবধানে সিরিজ ছিনিয়ে নেয় হাশমতউল্লাহ শহিদীর দল। নিরপেক্ষ ভেন্যুতে আফগানিস্তানের বিপক্ষে প্রথমবার ওয়ানডে সিরিজ নেমেই হারের মুখ দেখলো বাংলাদেশ দল।
ম্যাচ শেষে দলের হারের ব্যাখ্যা দিতে গিয়ে মাঝের ওভার গুলোতে উইকেট তুলে নিতে না পারাকে দুষছেন টাইগার ভারপ্রাপ্ত অধিনায়ক মিরাজ। ব্রডকাস্টকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন, ‘এটা কঠিন ছিল। তবে ছেলেরা ভালো করেছে। বিশেষ করে রিয়াদ ভাই ও আমি একটা জুটি করতে পেরেছি। বোলাররা অনেক চেষ্টা করেছে। তবে সমস্যাটা হয়েছে আমরা মাঝের ওভারে উইকেট নিতে পারিনি।’
এর আগে দিনের শুরুতে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ দল। তবে ভালো শুরুর পর মুখ থুবড়ে পড়ে দলের টপ অর্ডার ব্যাটাররা। পরে মাহমুদউল্লাহ রিয়াদের ৯৮ রান এবং মেহেদী হাসান মিরাজের ৬৬ রানে ভর করে নির্ধারিত ওভার শেষে ২৪৪ রান সংগ্রহ করে টাইগাররা।
বাংলাদেশ দলের করা ২৪৪ রানের জবাবে ব্যাট করতে নামা আফগানিস্তান ২১তম ওভারে ৮৪ রানে ৩ উইকেট হারিয়ে বসে। এরপর চতুর্থ উইকেটের জন্য বাংলাদেশকে ৩৯তম ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়। এর মধ্যে রহমানউল্লাহ গুরবাজ ও আজমতউল্লাহ ওমরজাই ১১১ বলে ১০০ রান যোগ করেন।
মিরাজ অবশ্য নিজেদের ব্যর্থতার কথাও স্বীকার করেছেন৷ তিনি বলেন, ‘আমরা গত দুই ম্যাচে দেখেছি উইকেটে যথেষ্ট স্পিন আছে। এই জন্যই আমরা প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছি। পরে শিশির আসায় বল তুলনামূলকভাবে ভালো ব্যাটে আসছিল। কৃতিত্ব ওদের। ওরা খুব ভালো খেলেছে। বিশেষ করে গুরবাজ ও ওমরজাই। আমরা মাঝের ওভারে উইকেট নিইনি। আমাদের ওই সময় উইকেট নেওয়া উচিত ছিল। সেটা করতে পারলে আমরা ঘুরে দাঁড়াতে পারতাম।’
বাংলাদেশ দলের ক্রিকেটাররা দম ফেলার ফুরসত পাচ্ছেন না। আজ রাতেই মিরাজদের ওয়েস্ট ইন্ডিজের বিমান ধরার কথা। মিরাজ নিজেই বললেন, ‘আমরা অনেক দিন পর শারজায় খেললাম, বিশেষ করে ওয়ানডে। আমরা প্রথম ম্যাচ হারলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছি। আমাদের ওয়েস্ট ইন্ডিজ সফর আছে। আজ আমরা ওয়েস্ট ইন্ডিজের বিমান ধরব।’