প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪ ১৭:২৬ পিএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৪ ১৭:৪২ পিএম
সাফের দ্বিতীয় শিরোপা জিতে দেশে ফেরার দিনই কোটি টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সেই ঘোষণার ১১ দিনের মাথায় নিজেদের টাকা বুঝে পেলেন চ্যাম্পিয়নরা। খেলোয়াড়, কোচিং স্টাফ এবং অফিসিয়ালসদের মধ্যে এই কোটি টাকা সমবণ্টন হয়েছে। এতে সবাই পেয়েছেন ৩ লাখ ১২ হাজার ৫০০ টাকা করে। চেক হস্তান্তরের বিষয়টি আজ সোমবার আসিফ মাহমুদ নিজের অফিসিয়াল পেজে এক পোস্টে নিশ্চিত করেছেন।
নেপালের কাঠমান্ডুতে বাংলাদেশের ফুটবলারদের স্কোয়াড ছিল ২৩ জনের। কোচিং স্টাফ, মিডিয়া ম্যানেজার, অফিসিয়াল রয়েছেন ৯ জন। এই দলের টিম লিডার ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সদস্য টিপু সুলতান। নির্বাচনের জন্য তিনি দলের সঙ্গে ছিলেন না। ফাইনালের আগে অবশ্য কাঠমান্ডুতে যান তিনি।
ফেডারেশনের কাছে ৩২ জনের জন্য ৩২ টি পৃথক চেক ইস্যু করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। চেকগুলো পাওয়ার পর ফেডারেশনকে জাতীয় ক্রীড়া পরিষদের কাছে প্রাপ্তি স্বীকার পত্র প্রেরণ করতে বলা হয়েছে। সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর সাবিনা খাতুনরা ক্রীড়া মন্ত্রণালয়ের অর্থ সবার আগে পেলেন।
এদিকে, সাফ চ্যাম্পিয়নদের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০ লাখ ও বাফুফে দেড় কোটি টাকা অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছে। এই দুটি অর্থ এখনো হাতে পাননি সাবিনারা। চলতি মাসেই দেশের দুই শীর্ষ ক্রীড়া সংস্থা থেকে প্রতিশ্রুত অর্থ পাওয়ার কথা চ্যাম্পিয়নদের।