বাংলাদেশ–আফগানিস্তান সিরিজ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪ ১৫:৪৭ পিএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৪ ১৭:০৮ পিএম
শারজায় আজ বাংলাদেশ ও আফগানিস্তানের তিন ম্যাচ ওয়ানডে সিরিজের অলিখিত ফাইনাল। কুঁচকির ইনজুরিতে পড়ায় গুরুত্বপূর্ণ ম্যাচটিতে খেলছেন না টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার জায়গায় আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো নেতৃত্ব দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ। নিজের শততম ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিতে নেমেই টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
আজ সোমবার (১১ নভেম্বর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হচ্ছে বাংলাদেশ সময় বিকেল ৪টায়। এর আগে প্রথম দুই ম্যাচে যে দল আগে ব্যাট করেছে, তারাই সহজ জয় পেয়েছিল। প্রথম ম্যাচে ব্যাটিং ভরাডুবিতে ৯২ রানের বড় ব্যবধানে পরাজয়ের পর দ্বিতীয় ওয়ানডেতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৬৮ রানে জয় তুলে সিরিজে সমতায় ফেরে লাল-সবুজের দল।
সিরিজ জয়ের লক্ষ্যে দুটি পরিবর্তন নিয়ে নামছে বাংলাদেশ। শান্তর জায়গায় দলে ফিরেছেন জাকির হাসান। এ ছাড়া পেসার তাসকিন আহমেদের জায়গায় অভিষেক হচ্ছে আরেক পেসার নাহিদ রানার। তবে একাদশে কোনো পরিবর্তন আনেনি আফগানিস্তান। অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে হাসমতউল্লাহ শহীদিরা।
বাংলাদেশ একাদশ : সৌম্য সরকার, তানজিদ হাসান, জাকির হাসান, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী (উইকেটকিপার), নাসুম আহমেদ, নাহিদ রানা, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।আফগানিস্তান একাদশ : রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সেদিকউল্লাহ আটাল, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমারজাই, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, রশিদ খান, আল্লাহ্ মোহাম্মদ গাজানফার, নানগেয়ালিয়া খারোটে ও ফজলহক ফারুকি।