প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪ ১০:০৩ এএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৪ ১১:৩৯ এএম
কুঁচকির চোট ভোগাতে পারে শান্তকে। পুরোনো ছবি
প্রথম ম্যাচে ব্যর্থ হয়েছিলেন, দ্বিতীয় ম্যাচে নাজমুল হোসেন শান্তর ব্যাটে চড়েই বড় সংগ্রহ পেয়েছিল বাংলাদেশ। পিছিয়ে পড়া সিরিজেও সমতায় ফিরেছিল। আজ সোমবার সিরিজ নির্ধারণী লড়াই। তৃতীয় তথা অঘোষিত ফাইনাল বনা ম্যাচে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তর খেলা নিয়ে শঙ্কা জেগেছে।
গত শনিবারের ম্যাচে ৭৬ রানের দারুণ ইনিংস খেলেছিলেন শান্ত। জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। ওই ম্যাচেই কুঁচকিতে চোট লেগেছে। গতকাল তার এমআরআই করা হয়েছে।
আজ স্থানীয় সময় সকালে রিপোর্ট পাওয়ার কথা। রিপোর্ট পাওয়ার পর জানা যাবে তিনি শেষ ম্যাচে খেলবেন কি না। ফিট থাকা সাপেক্ষে শান্ত নামবেন আজ।
শেষ পর্যন্ত চোট যদি শান্তকে খেলতে না দেয়, তবে নেতৃত্ব আসবে মেহেদী হাসান মিরাজের কাঁধে। শান্তর অভাব ঘোচাতে একজন বাড়তি ব্যাটার দলে নিতে পারে টিম ম্যানেজমেন্ট।