এনসিএল
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪ ১৯:১৩ পিএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২৪ ২০:২৩ পিএম
কক্সবাজারের একাডেমি মাঠে খুলনা বিভাগের বিপক্ষে সেঞ্চুরি তুলে অপরাজিত আছেন সিলেটের অধিনায়ক অমিত হাসান। ছবি : বিসিবি
জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) সেঞ্চুরির দেখা পেয়েছেন রংপুর বিভাগের আরিফুল হক। একই ম্যাচে রাজশাহী বিভাগের হয়ে ছয় উইকেট নিয়েছেন অলরাউন্ডার সাব্বির হোসেন। ভিন্ন ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন সিলেট বিভাগের অমিত হাসান। তার সতীর্থ পিনাক ঘোষ অবশ্য ৯৯ রানে কাটা পড়েছেন।
শনিবার মাঠে গড়িয়েছে এনসিএলের চতুর্থ রাউন্ডের খেলা। শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে রংপুরের মুখোমুখি হয়েছে রাজশাহী বিভাগ। টস হেরে ব্যাট করতে নেমে ১৮৯ রানে অলআউট হয়ে গেছে রংপুর। প্রথম দিন শেষে ১ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ৩৯ রান করেছে রাজশাহী।
ব্যাটিংয়ে প্রথমে ৩৮ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে বসেছিল রংপুর। দলের এমন বিপর্যয়ের মুখে ১৬১ বলে ১০১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন আরিফুল। জাতীয় দলের সাবেক এই অলরাউন্ডারের ইনিংসে ছিল ১৩ চার ও ২ ছক্কার মার। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেন নাঈম ইসলাম। রাজশাহীর পেসার সাব্বির হোসেন ১৫ ওভারে ৪৭ রান দিয়ে পান ৬ উইকেট।
কক্সবাজারের একাডেমি মাঠে খুলনা বিভাগের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ে নামা সিলেট ৩ উইকেটে ২৪৪ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করেছে। সেঞ্চুরি তুলে অপরাজিত আছেন দলপতি অমিত হাসান। ৮ চার ও ১ ছক্কায় ২২৮ বলে ১০৯ রান এসেছে তার ব্যাটে। এছাড়া ওপেনার পিনাক ঘোষ ২১৮ বলে ৯৯ রান করে শেখ মাহেদীর বলে স্টাম্পিং হন।
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক চট্টগ্রাম
বিভাগের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ২৩৬ রান তুলে প্রথম দিন শেষ করেছে
বরিশাল বিভাগ। বরিশালের হয়ে হাফ সেঞ্চুরি তুলেছেন তাসামুল হক। ১৩৬ বলে ৫৩ রান করে দিনের
শেষ ব্যাটার হিসেবে আউট হয়ে গেছেন তিনি। ৭৭ বলে ৪৩ রানে অপরাজিত আছেন মঈন খান। চট্টগ্রামের
পেসার এনামুল আশিক ও স্পিনার আশরাফুল হাসান ৩টি করে উইকেট পান।
সিলেটের একাডেমি মাঠে ঢাকা বিভাগের বিপক্ষে টস হেরে শুরুতে ব্যাট
করতে নেমে প্রথম দিন শেষে ৬ উইকেট হারিয়ে ২৩৩ রান করেছে ঢাকা মেট্রো। এ ম্যাচে দলটির
পক্ষে সর্বোচ্চ ৮৬ রান করেছেন শামসুর রহমান শুভ। ২০৯ বল খেলে ৯ চার ও ১ ছক্কায় এই রান
করেন তিনি। ঢাকা বিভাগের হয়ে তিন উইকেট পেয়েছেন পেসার এনামুল হক।