বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪ ১৭:২৯ পিএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২৪ ১৭:৪১ পিএম
সিরিজের ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিং করছে বাংলাদেশ দল। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে আগ্রাসী শুরু করেছিলেন ওপেনার তানজিদ হাসান তামিম। কিন্তু আফগান স্পিনার আল্লাহ মোহাম্মদ গজফনরকে ছক্কা হাঁকানোর পরের বলেই নিজের উইকেট হারিয়ে বসেন বাঁহাতি এই ব্যাটার। তার ১৭ বলে ২২ রানের ইনিংস থামে দলীয় ২৮ রানের মাথায়।
এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সাথে ইনিংসকে টেনে নিয়ে যাচ্ছিলেন আরেক ওপেনার সৌম্য সরকার। দুজনের ব্যাটে দলের সংগ্রহ শতরানের কাছেই পৌঁছে গিয়েছিল। তবে রশিদ খানের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরে যান সৌম্য। শান্তর সঙ্গে ৭১ রানের জুটি গড়ে দলীয় ৯৯ রানে ফিরেছেন এই ওপেনার। সৌম্য সরকারের ব্যাট থেকে এদিন এসেছে ৩৫ রান। তার ৪৯ বলের ইনিংসে ছিল দুটি করে চার ও ছক্কার মার।
শারজা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডের পর আরও একবার বাংলাদেশের ব্যাটিং এগিয়ে নিচ্ছেন সৌম্য সরকার। ইনিংসের শুরু থেকেই বাঁহাতি এই ব্যাটারকে ছন্দে মনে হচ্ছিল। ১৪তম ওভারে ওমরজাইয়ের বলে সৌম্য যেন সরুপে ফিরলেন! খাটো লেংথের বলটি পুল শটে মিড উইকটে দিয়ে পাঠান গ্যালারিতে। এমন ছক্কায় যেন পুরোনো সৌম্যকেই মনে করিয়ে দিচ্ছিল। তবে আগের ম্যাচের মতো আজও সেট হয়ে নিজের ইনিংস বড় করতে পারলেন না তিনি।