প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪ ১৫:৪৮ পিএম
নারী ফুটবল উইংয়ের চেয়ারম্যান রয়েছেন মাহফুজা আক্তার কিরণ। সংগৃহীত ছবি
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নেতৃত্বে এসেছে পরিবর্তন। ২৬ অক্টোবর নির্বাচনের মধ্য দিয়ে ফেডারেশনের সভাপতি হয়েছেন তাবিথ আউয়াল। কমিটিতে এসেছে বেশ কিছু নতুন মুখ। আজ শনিবার বাফুফে ভবনে নতুন কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সাফ জয়ী নারী ফুটবলারদের পুরস্কার ঘোষণার পাশাপাশি নানান কমিটিতে এসেছে রদবদল। কিছু কমিটি রয়েছে আগের মতই। এর মধ্যে নারী ফুটবল উইংয়ের চেয়ারম্যান রয়েছেন মাহফুজা আক্তার কিরণই। কাজী সালাউদ্দিন যুগেও এই পদে দায়িত্ব সামলেছেন তিনি।
দেশের ফুটবলের বড় বিজ্ঞাপন এখন নারী ফুটবল। পুরুষ ফুটবলের হতাশার মধ্যে সাফল্যে ভাসছেন সাবিনা-মারিয়া-তহুরা-ঋতুপর্ণারা। অনেকে বলে থাকেন ফেডারেশনের মুখ রক্ষা করে চলেছেন দেশের মেয়েরা। যদিও আরও অনেক উন্নতি করার সুযোগ আছে নারী ফুটবলে, এমনটাই মানছেন বিশেষজ্ঞরা।
মেয়েদের লিগ নিয়ে রয়েছে নানান অভিযোগ। এর মধ্যে বাফুফে নব নির্বাচিত সভাপতি তাবিথ আউয়াল নিয়েছেন দুটি গুরুত্বপূর্ণ কমিটির দায়িত্ব। ফাইন্যান্স কমিটি এবং ন্যাশনাল টিমস কমিটির দায়িত্ব নিয়েছেন তিনি। শুধু মাত্র এই দুই কমিটি চার বছরের জন্য গঠন করা হয়েছে। বাকি কমিটির মেয়াদ এক বছর করে থাকবে, এমনটাই জানিয়েছেন বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু। বাকি কমিটির কাজের উপর ভিত্তি করে তাদের দায়িত্বের মেয়াদ নির্ধারণ করা হবে।