প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪ ১৬:৩৫ পিএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৪ ১৭:২০ পিএম
আমিনুল ইসলাম বুলবুল
আইসিসির ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করছেন আমিনুল ইসলাম বুলবুল। সে সুবাদে সংযুক্ত আরব আমিরাতেই আছেন বাংলাদেশের সাবেক এ অধিনায়ক। আফগানদের বিরুদ্ধে ওয়ানডে ম্যাচ দেখার সুযোগটা হাতছাড়া করেননি তাই। তবে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) আমন্ত্রণে বাংলাদেশের প্রথম ম্যাচটি মাঠে বসে দেখেছেন। টাইগারদের মাঠের পারফরম্যান্সে যারপরনাই হতাশ দেশের সাবেক এ ক্রিকেটার। নিজেদের নিয়ন্ত্রণে থাকা সত্ত্বেও ছন্নছাড়া ব্যাটিংয়ে দেশের ক্রিকেটারদের হারটা ঠিক মেনে নিতে পারেননি আমিনুল।
শারজায় প্রথম ওয়ানডেতে নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব আর টাইগারদের ব্যাটিং পরিকল্পনায় ঘাটতি বিস্মিত করেছে আমিনুলকে। সব কিছুতেই ক্লান্তির ছাপ খুঁজে পেয়েছেন সাবেক এ টাইগার তারকা। ম্যাচ শেষে সামাজিকমাধ্যমে সেসব তুলেও ধরলেন, ‘জয়-পরাজয় তো থাকতেই পারে, কিন্তু অধিনায়কত্ব আর ব্যাটিং পরিকল্পনা দেখে সত্যিই বিস্মিত হয়েছি। সবকিছুই যেন ক্লান্ত দেখাচ্ছিল—শরীরী ভাষা, বলের প্রতি মনোযোগ, প্রি-বল রুটিন, পুরোটা মিলিয়ে পরিকল্পনা খুবই দুর্বল মনে হয়েছে। আশা করি আমরা খুব শিগগিরই এই অবস্থার উন্নতি করতে পারব।’
বাংলাদেশ ক্রিকেটে বার বার কোচ পরিবর্তনের পক্ষে নন আমিনুল। এ নিয়ে এর আগে গণমাধ্যমে তিনি বলেছিলেন, ‘আমি কোচ পরিবর্তন করার পক্ষে না। কেননা কোচ পরিবর্তন করা মানে একজন ডাক্তার পরিবর্তন করা। একটা কোচ তার প্লেয়ারদের শুধু স্কিল নিয়ে কাজ করে না। প্লেয়ারদের সাইকোলজি নিয়েও কাজ করে। ঘনঘন কোচ পরিবর্তন একটা দলের জন্য অবশ্যই ক্ষতিকর ব্যাপার। এখানে পারফরম্যান্সের একটা বড় ঘাটতি হয়।'
কোচ ঘন ঘন পাল্টালে ভালোর চেয়ে খারাপই হয় বেশি। এনিয়ে আমিনুলের ভাষ্য, ‘জাতীয় দলে যারা কোচ হয় তারা কিন্তু স্কিল শেখায় না, ট্যাকটিস শেখায় না। তারা কাজ করে মানসিক অবস্থা নিয়ে। এখানে ভাষা একটা বড় ব্যাপার, সংস্কৃতি একটা বড় ব্যাপার। আর যদি নতুন কোচ বারবার পরিবর্তন হতে থাকে এতে কোনো উপকার হয় না, অপকারই হয়।'