× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওয়ানডে সিরিজ

তাসকিন-মুস্তাফিজ ঝলকানি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪ ২২:৩৮ পিএম

তাসকিন-মুস্তাফিজ ঝলকানি

পাওয়ার প্লেতে বাংলাদেশ যেভাবে দাপট দেখিয়েছিল, তাতে আফগানিস্তান যে ইনিংস শেষে ২৩৫ রান অবধি পৌঁছবে, কে ভাবতে পেরেছিল! ম্যাচটির প্রথম পঞ্চাশ ওভারের গল্প লেখা হতে পারে তিনটি পর্বে— ম্যাচের শুরুতে মুস্তাফিজুর রহমানের দাপট, মাঝে ঝিমিয়ে পড়া এবং শেষে আবারও তাসকিন আহমেদের জ্বলে ওঠা। তিনশ ওয়ানডের মাইলফলক ছোঁয়া শারজায় বাংলাদেশের দুঃখ হয়ে এসেছিলেন হাশমতউল্লাহ শহীদি। পরে টাইগারদের পেসতোপ কীর্তিকে মাটিতে নামিয়ে দেন মোহাম্মদ নবী। তাসকিন-ফিজদের আগুনে বোলিং উপেক্ষা করে তাতেই ২৩৪ রান আনে আফগানরা।

প্রবাদ আছে, প্রভাত সব সময় দিবসের পূর্বাভাষ দেয়। গতকাল টাইগারদের বোলিংয়ে এই প্রবাদটি পরিণত হয় মিথ্যায়। আফগানিস্তানের বিপক্ষে দাপুটে শুরু এনেছিলেন দুই পেসার তাসকিন ও মুস্তাফিজ। শারজা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম পাওয়ার প্লের ১০ ওভারে বাংলাদেশ তুলে নিয়েছিল ৪ উইকেট। বিপরীতে আফগানিস্তান স্কোরবোর্ডে আনতে পারে ৩৬ রান। এরপরও তাসকিন-ফিজ তোপ জারি ছিল কিন্তু বাংলাদেশকে ট্রাক থেকে ছিটকে দেন শহীদি-নবীর শতরানের জুটি। দুজনের ব্যাটে লম্বা পথ পাড়ি দেওয়ার আগে আফগানদের তটস্থ করে রেখেছিলেন বাংলাদেশের তিন পেসার।

শরিফুল ইসলামের লাইন লেন্থ, তাসকিনের গতির দাপট এবং মুস্তাফিজের কাটারে ভয় ধরে গিয়েছিল আফগান টপ অর্ডারে। বাংলাদেশকে দিনের প্রথম উইকেট এনে দেন তাসকিন। রহমানুউল্লাহ গুরবাজকে বোকা বানিয়ে মুশফিকুর রহিমের ক্যাচ বানান টাইগার পেসার। দারুণ ছন্দে থাকা গুরবাজ ফেরেন ৫ রান করে। এরপর মুস্তাফিজ শো। সেদিকউল্লাহ অটল, রহমত শাহ এবং আজমতউল্লাহ ওমরজাইকে একে একে পরাস্ত করেন ফিজ। ৩৫ রানে ৪ উইকেট হারিয়ে ফেলা আফগানরা যখন ধুঁকছিল তখন ত্রাতা হয়ে আসেন অধিনায়ক হাসমতউল্লাহ।

পরে দলের হাল ধরেন অভিজ্ঞ আফগান নবী। তার ৭৯ বলে ৪ চার ও তিন ছক্কায় আনা ৮৪ রানের ইনিংসে দৃশ্যপট পাল্টে যায়। তার আগে ১০৪ রানের জুটি ভাঙেন মুস্তাফিজ। নিজের চতুর্থ শিকার হিসেবে ৫২ রানে ফেরান প্রতিপক্ষের অধিনায়ক হাশমতকে। শেষদিকে নবীর তাণ্ডব এবং নানগেলিয়া খোরাতের ২৭ রানের ক্যামিওর আগে ফের দাপট চালান বাংলাদেশের পেসাররা। শুরুতে মুস্তাফিজ এবং শেষে তাসকিন। তাতেই আফগানদের ইনিংস খুব বড় হতে পারেনি। 

আফগানদের নয়টি উইকেট তুলে নেন বাংলাদেশের বোলাররা। টাইগারদের পেসত্রয়ী তাসকিন-ফিজ-শরিফুলের ঝুলিতে আসে সবকটি উইকেট। বাকি একটি উইকেট আসে রান আউটে। ১০ ওভারে ৫৩ রান খরচ করে তাসকিন নেন চারটি উইকেট। মুস্তাফিজ একটু বেশি খরচ করেছেন, ৫৮ রানে নিয়েছেন চারটি উইকেট। দুই পেসার মিলে প্রতিপক্ষের আটটি উইকেট নেওয়া, এবারই প্রথম। বাকি উইকেটটিও পেসারের দখলে। শরিফুল ইসলাম শেষদিকে ফিরিয়েছিলেন রশিদ খানকে।

এদিন শারজায় টস জিতে ব্যাটিংয়ে নেমে বাজে শুরু পায় আফগানরা। ইমার্জিং এশিয়া কাপে দারুণ পারফর্ম করা আতালকে অভিষেক রাঙাতে দেননি ফিজ। তার আগে তাসকিনের বলে পরাস্ত হয়ে উইকেটের পেছনে মুশফিকের তালুবন্দি হন গুরবাজ। পরে রহমত শাহ ও আজমতউল্লাহ ওমরজাইয়ের কেউও বেশিক্ষণ টিকতে পারেননি। দুজনকেই ফেরার পথ দেখান ফিজ। তখনও পেসারদের দাপট থামেনি। আফগানরা যখন ফেরার পথ খুঁজছেন তখন গুলাবাদিনকে ফেরান তাসকিন। ৭১ রানে পঞ্চম উইকেট হারিয়ে অল্পেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে আফগানরা। তবে সেখান থেকে পাল্টা প্রতিরোধ গড়েন শহীদি ও মোহাম্মদ নবী।

একপ্রান্তে শহীদি ধরে খেললেও শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন নবী। অল্প সময়ের ব্যবধানে দুজনই অর্ধশতক পূরণ করেন। রিশাদের বলে ডাবল নিয়ে ৫২ বলে ফিফটি পূরণ করেন নবী। খানিক পর ফিফটির স্বাদ পান শহীদিও। অবশ্য ফিফটির পর বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। মুস্তাফিজই এখানে ত্রাতা হন। আফগানিস্তানের বাকি ব্যাটারদের কেউই বেশিক্ষণ টিকতে পারেননি। তবে একপ্রান্ত আগলে ঠিকই দলকে এগিয়ে নিয়েছেন নবী। শেষদিকে আউট হওয়ার আগে ৭৯ বলে ৮৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন এ অলরাউন্ডার।

একদম শেষে এসে ২৭ রানের গুরুত্বপূর্ণ ক্যামিও খেলেন খারোটে। বাংলাদেশের হয়ে পেসারদের দাপট দেখানোর দিনে মলিন থেকেছেন স্পিনাররা। বাংলাদেশের অধিনায়ক স্পিনার হিসেবে মিরাজ, রিশাদ ও মাহমুদউল্লাহকে আক্রমণে আনলেও উইকেটের দেখা পাননি কেউ। বাংলাদেশও তাই মাঝের দিকে ভুগেছিল। বাকি কাজ অবশ্য পেসাররাই সেরেছে। ব্যাটাররা এখন নিজেদের দায়িত্ব নিতে পারলেই আসবে শারজায় ঐতিহাসিক ম্যাচে জয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা