চ্যাম্পিয়নস লিগ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪ ১৭:০২ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৪ ১৮:০৫ পিএম
এসি মিলান কোচ পাউলো ফন্সেকা
লড়াই রিয়াল মাদ্রিদের বিপক্ষে। কিন্তু প্রতিপক্ষ হিসেবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের পেয়ে মোটেই ভীতু নয় এসি মিলান। কারণ যে ম্যাচ যতটা চ্যালেঞ্জিং, সেই ম্যাচে সুযোগও তত বেশি। এই মন্ত্রেই চ্যাম্পিয়নস লিগের ম্যাচের আগে দলকে উজ্জীবিত করলেন পাউলো ফন্সেকা। রিয়ালের মাঠে ভয়ডরহীন ফুটবল খেলার বার্তাই দিলেন এসি মিলান কোচ। চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়নদের ধরাশায়ী করে তারা ফুটবল দুনিয়াকে তাক লাগিয়ে দিতে চান। দেখাতে চান নিজেদের মান।
চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বে আজ মঙ্গলবার (৫ নভেম্বর) সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদকে মোকাবিলা করবে ইতালিয়ান জায়ান্ট এসি মিলান।
ক্লাব সমর্থকদের অভয় দিয়ে কোচ পাউলো ফন্সেকা বলেন, 'আমরা এমন একটি দলের বিপক্ষে খেলছি, যারা প্রতিবছরই চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে নামে এবং আমাদের জন্য এটি বড় সুযোগ ভিন্ন মাত্রা গড়ে তোলার। কোনো কিছুর ভয় ছাড়া মাঠে নামতে হবে আমাদের, সাহস রাখতে হবে। কারণ আমরা বিশ্বাস করি, দারুণ ম্যাচ খেলতে পারি আমরা এবং দারুণ কিছু করতে পারি।'
ভয় না পেয়ে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামছে মিলান। কোচ যোগ করেন, 'আমি সব সময়ই দলের ভেতর জয়ের তাড়না দেখতে চাই এবং এই ম্যাচও ভিন্ন নয়। রিয়াল মাদ্রিদ দারুণ এক দল, তবে আমরা শুধু জয়ের ভাবনাতেই মাঠে নামব। এরপর যা হওয়ার হতে পারে, কিন্তু মানসিকতা দেখাতে হবে।