প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪ ১৬:২২ পিএম
বাংলাদেশের নারী ক্রিকেটাররা
আগামী চার বছরের নারী ক্রিকেটের জন্য নতুন এফটিপি প্রকাশ করেছে আইসিসি। ২০২৫ সালের মে মাস থেকে ২০২৯ সালের এপ্রিল পর্যন্ত নতুন এই চক্রে উইমেনস চ্যাম্পিয়নশিপে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতো জায়ান্টদের বিরুদ্ধে সিরিজ খেলবে বাংলাদেশ মেয়েরা।
নতুন আরেকটি দল যোগ হয়েছে চতুর্থ উইমেনস চ্যাম্পিয়নশিপে। তবে আগের মতোই দলগুলো চারটি হোম ও চারটি অ্যাওয়ে ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে । এতে বাংলাদেশের মেয়েরা প্রথমবারের মতো অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সফরের সুযোগ পাবে।
চলতি তৃতীয় উইমেনস চ্যাম্পিয়নশিপ ২০২৫ ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব হিসেবে কাজ করবে। ২০২৯ ওয়ানডে বিশ্বকাপের দল নির্ধারণ হবে চতুর্থ উইমেনস চ্যাম্পিয়নশিপ থেকে। ওই টুর্নামেন্টে নতুন দল হিসেবে টিকিট কেটেছে জিম্বাবুয়ের নারীরা।
লাল-সবুজের প্রতিনিধিরা নিজেদের মাঠে সিরিজ খেলবে শ্রীলঙ্কা (এপ্রিল, ২০২৬), ওয়েস্ট ইন্ডিজ (মার্চ, ২০২৭) জিম্বাবুয়ে (নভেম্বর, ২০২৭) ও দক্ষিণ আফ্রিকার (এপ্রিল, ২০২৮) বিরুদ্ধে। দেশের মেয়েরা সফর করবে ভারত (ডিসেম্বর, ২০২৫), অস্ট্রেলিয়া (অক্টোবর, ২০২৬), ইংল্যান্ড (সেপ্টেম্বর, ২০২৭) ও পাকিস্তানের (অক্টোবর, ২০২৮) বিরুদ্ধে। প্রতিটি ওয়ানডে সিরিজের সঙ্গেই রয়েছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
উইমেনস চ্যাম্পিয়নশিপের বাইরেও খেলবে বাংলাদেশ। নিউজিল্যান্ডের (ডিসেম্বর, ২০২৬ ও মে-জুন, ২০২৭) বিরুদ্ধে একটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে দেশের কন্যারা। এই এফটিপিতে কেবল দ্বিপক্ষীয় সিরিজ মিলিয়েই ২৭টি ওয়ানডে ও ৩০টি টি-টোয়েন্টি খেলার সুযোগ পাবে বাংলাদেশ।
এই সময়ে অনুষ্ঠিত হবে পাঁচটি বৈশ্বিক টুর্নামেন্ট। এসব টুর্নামেন্টেও খেলার সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। ২০২৫ সালে ভারতে মাটিতে বসবে ওয়ানডে বিশ্বকাপ। ২০২৬ সালে যুক্তরাজ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৭ সালে মেয়েদের চ্যাম্পিয়নস ট্রফি টি-টোয়েন্টি, ২০২৮ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও হবে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক।