× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপিএল রাঙাতে উদ্যোগী বিসিবি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪ ২১:১০ পিএম

বিপিএল রাঙাতে উদ্যোগী বিসিবি

রাজনীতির পালাবদলে দেশের ক্রিকেট বোর্ডেও আসে রদবদল। দায়িত্ব গ্রহণের পর বোর্ড সভাপতি ফারুক আহমেদ ও পরিচালক নাজমুল আবেদীন ফাহিমদের নতুন চ্যালেঞ্জÑ বিপিএল। আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশতম আসরকে বিশ্বব্যাপী জনপ্রিয় করতে বেশ সচেষ্ট বিসিবি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এর ধারাবাহিকতায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছ থেকেও পরামর্শ নিচ্ছে দেশীয় ক্রিকেটের নিয়ন্ত্রণকারী সংস্থা। বিপিএল ইস্যুতে সোমবার বোর্ড কার্যালয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সম্প্রচার স্বত্বাধিকারীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে বিসিবি। সভা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন নাজমুল আবেদীন। নতুন আসরে উৎসবমুখর পরিবেশ গড়ে তোলার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ বোর্ডÑ এমনটাই জানালেন বিসিবি পরিচালক।

বিসিবি পরিচালক নাজমুল আবেদীন বলেন, ‘এবারের বিপিএলকে ভিন্ন মাত্রায় নিয়ে যাওয়ার চেষ্টা আছে। প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস নিজেই এর সঙ্গে সম্পৃক্তÑ এটা সুখবর। ক্রীড়া উপদেষ্টা ঘনিষ্ঠভাবে বিপিএলের সঙ্গে জড়িত। বিপিএলের যে শক্তি, আমাদের দেশে এমন উপলক্ষ খুব বেশি আসে না, যেটাকে নিয়ে সবাই কানেক্টেড থাকে। বিপিএল তেমনই এক উপলক্ষ। সেই শক্তিটাকে কাজে লাগানোর একটা প্রয়াস আছে, সেটাই এসেছে প্রধান উপদেষ্টার কাছ থেকে।’

নতুন আসরে বিপিএলের অন্যতম চমক জুলাই বিপ্লব ও নতুন বাংলাদেশকে বিশ্ববাসীর কাছে তুলে ধরা। পাশাপাশি দেশব্যাপী বিপিএলকে কেন্দ্র করে গড়ে তোলা হবে উৎসবমুখর পরিবেশ। ফাহিম বলেন, ‘কীভাবে এটাকে আন্তর্জাতিক মানের টুর্নামেন্টে পরিণত করা যায়, কীভাবে ব্র্যান্ড হিসেবে তৈরি করা যায়, কীভাবে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া যায়…; বিশ্ব যেন দেখে বাংলাদেশের তরুণরা কেমন, বাংলাদেশের সমাজটা কেমন, এখানকার খাওয়াদাওয়া কেমন… এ জিনিসটা যেন সবাই দেখে। শুধু বিপিএল নয়, বাংলাদেশও একটা ব্র্যান্ড হিসেবে পরিচিতি পাবে এই বিপিএলের পর।’

বিপিএলে খেলার বাইরের অনেক বৈশ্বিক তারকাকে দেখা যাবেÑ এমন আভাস দিয়েছেন নাজমুল আবেদীন। তারকা ক্রিকেটার, ফুটবলারÑ এমনকি দেখা যেতে পারে হলিউড অভিনেতা-অভিনেত্রীদেরও। তিনি বলেন, ‘আমাদের প্রধান উপদেষ্টা যদি মাঠে আসেন, একটা বক্তব্য দেন, বিদেশ থেকে দারুণ নামকরা একজন ফুটবলার বা হলিউড থেকে একজন অভিনেতা বা অভিনেত্রী এখানে এসে সংযুক্ত হন, এটা নিশ্চয়ই সারা পৃথিবীর মিডিয়াতে আসবে। আমাদেরও সে চেষ্টা থাকবে।’

সাম্প্রতিক সময়ে ‘দ্য টেলিগ্রাফ’-এর এক প্রতিবেদনে বিপিএলের সর্বশেষ দুই আসরে ৩০টিরও বেশি দুর্নীতি-সংক্রান্ত ঘটনার অভিযোগ উঠে এসেছে। তবে আসন্ন মৌসুমে এমন ঘটনার বিরুদ্ধে প্রস্তুত থাকার কথা জানান ফাহিম। তিনি বলেন, ‘এটা (দুর্নীতির অভিযোগ) আমাদের চোখে পড়েছে। খেলাকে সত্যিকার অর্থে প্রতিযোগিতামূলক করতে গেলে শৃঙ্খলা নিশ্চিত করা খুব জরুরি। আমাদের দুর্নীতিবিরোধী যে টিমটা আছে, তারা সক্রিয় থাকবে। দুর্নীতিবিরোধী যেসব প্রোগ্রাম করা প্রয়োজন, সেগুলো করব।’

এদিন বিপিএলের উইকেট নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ফাহিম। তিনি বলেন, ‘(উইকেটে) অবশ্যই চেষ্টা থাকবে যেন রান হয়, বাউন্স পেস থাকবে। মাঝেমধ্যে বিপিএলে মিরপুরেও ভালো উইকেট দেখেছে। পয়েন্ট দিয়েও ছয় হয়েছে। আশা করি, সেরকমই উইকেট হবে। সেরকমই নির্দেশনা দেওয়া হয়েছে। মাঝে আরও খেলা আছে। আশা করি, যথেষ্ট বিশ্রাম পাবে উইকেট। দর্শক যা চায় চার-ছক্কা, সেটা তারা দেখতে পারবে।’

দেশের সব উইকেটেই উন্নতি আনতে হবে বলে মনে করেন ফাহিম। তিনি বলেন, ‘এটা (উইকেটের উন্নতি) শুধু বিপিএল দিয়েই হবে না। সব উইকেটে সে জিনিসটা নিয়ে আসতে হবে। যেখানে ব্যাটাররা স্ট্রোক খেলতে পারবে। ইতিবাচক ক্রিকেট খেলতে পারবে। আগের দিনের মতো এখন কিন্তু টেস্টে ২.৫-৩ রান করে হয় না। টেস্ট ক্রিকেটে এখন ৪-৪.৫ করে রান হয়। স্ট্রোক খেলতে হবে এবং সে উপযোগী উইকেট তৈরি করতে হবে। সে চেষ্টা থাকবে। সেটা নিয়ে আলাদাভাবে আমরা নজর দিচ্ছি।’

ইতোমধ্যে বিপিএলের ১১তম আসরে নতুন করে থিম সংও তৈরি হচ্ছে। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে কনসার্ট। তাতে পাকিস্তানের বিখ্যাত সংগীতশিল্পী রাহাত ফাতেহ আলি খানের আসার সম্ভাবনা রয়েছে। বিপিএলের উদ্বোধন হবে আলাদা তিন ভেন্যুতে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা