আফগানিস্তান সিরিজ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪ ১৩:১০ পিএম
ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ দল। তবে প্রোটিয়া সিরিজ শেষে খুব একটা বিশ্রামের সুযোগ পাচ্ছে না টাইগাররা। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আজ শনিবার সন্ধ্যায় দেশ ছাড়ছে নাজমুল হোসেন শান্তর দল।
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজটি অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে। এই সিরিজের জন্য দুই ভাগে ভাগ হয়ে দেশ ছাড়ছেন টাইগাররা। সন্ধ্যা ছয়টায় ঢাকা ত্যাগ করবেন প্রথম ভাগের ক্রিকেটাররা। দ্বিতীয় ভাগে আগামীকাল বাকি ক্রিকেটার এবং কোচিং স্টাফরা আরব আমিরাতের উদ্দেশে রওনা দেবেন।
আগামী ৬ নভেম্বর প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ৯ নভেম্বর। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি মাঠে গড়াবে ১১ নভেম্বর। সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে।
এদিকে জাতীয় দলের তিন ফরম্যাটের নেতৃত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন নাজমুল হোসেন শান্ত। স্বাভাবিকভাবেই নতুন অধিনায়ক কে হবে সেটাই নিয়ে চলছিল আলোচনা। কিন্তু ক্রিকেট অনুরাগীদের অবাক করে শান্তকে অধিনায়ক রেখেই আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল দিয়েছে বিসিবি। আফগান সিরিজে সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মেহেদী হাসান মিরাজ।
আফগান সিরিজে দল থেকে বাদ পড়েছেন লিটন দাস। দলে নেই সাকিব আল হাসানও। এক বছরের বেশি সময়ের বিরতি শেষে ওয়ানডে দলে ফিরেছেন নাসুম আহমেদ। বাঁহাতি এ স্পিনার সর্বশেষ দেশের জার্সি গায়ে খেলেছেন গত বছরের অক্টোবরে, ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে। প্রথমবারের মতো ওয়ানডে দলে জায়গা পেয়েছেন পেসার নাহিদ রানা। আর স্কোয়াডে ফিরেছেন অলরাউন্ডার সৌম্য সরকার।
বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান এবং নাহিদ রানা।