× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৌদি প্রো লিগ

আল হিলালের কাছে পয়েন্ট খোয়াল আল নাসর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪ ১২:৫০ পিএম

আপডেট : ০২ নভেম্বর ২০২৪ ১৪:২১ পিএম

 আল হিলালের কাছে পয়েন্ট খোয়াল আল নাসর

আগের ম্যাচেই পেনাল্টি মিস করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ মহাতারকার দল আল নাসরকেও কিংস কাপের শেষ ষোলো থেকে বিদায় নিতে হয়েছিল। তবে সে ধাক্কা সামলে সৌদি প্রো লিগে ঘুরে দাঁড়িয়েছে তারা। অবশ্য আল হিলালের বিপক্ষে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়া হয়নি রোনালদোদের। শনিবার সৌদি প্রো লিগের রিয়াদ ডার্বিতে চিরপ্রতিদ্বন্দ্বী এ দুই দলের ম্যাচ ১-১ ব্যবধানে ড্র হয়েছে।

ঘরের মাঠ আল-আওয়াল পার্কে আল নাসরের শুরু ছিল বেশ দুর্দান্ত। প্রথম মিনিটেই তালিস্কার গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ওতাভিওর দেওয়া ক্রস বক্স থেকে নিয়ন্ত্রণে নিয়ে দারুণ শটে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান এ ফরোয়ার্ড। ৩৮তম মিনিটে বল জালে পাঠান আল হিলালের আলেকজান্ডার মিত্রোভিচ। ডান দিক থেকে করা কর্নার থেকে আসা বল নিয়ন্ত্রণে নিয়ে জালে পাঠান তিনি। তবে অফসাইডের কারণে সেটি বাতিল হয়।

৪২তম মিনিটে আবারও বল জালে পাঠান তালিস্কা। মাঝমাঠ থেকে ওতাভিওর দেওয়া থ্রু পাস ধরে লক্ষ্য ভেদ করেন তিনি। তবে অফসাইডের কারণে এ গোলটিও বাতিল হয়ে যায়। বিরতির পর আরও একবার বল জালে পাঠান স্বাগতিকরা। ব্রোজোভিচের শট আল হিলাল গোলরক্ষক ইয়াসিন বোনো ঠেকিয়ে দিলেও ফিরতি বল জালে পাঠান তালিস্কা। ততক্ষণে অফসাইডের বাঁশি বাজান রেফারি।

৭৭তম মিনিটে গিয়ে গোল পায় আল হিলাল। আল দাওয়াসারির ব্যাকহিল পাস থেকে বল পান লোদি। তার দেওয়া ক্রস হেডে জালে পাঠান মিলিনকোভিচ স্যাভিচ। ৮৫তম মিনিটে বল টেনে নিয়ে বক্সে শট নেওয়ার আগে আল নাসর গোলরক্ষকের ফাউলের শিকার হন মিত্রোভিচ। এতে পেনাল্টির আবেদন জানায় আল হিলাল। পরে ভিএআর দেখে পেনাল্টি পাওয়া হয়নি সফরকারীদের। শেষ দিকে আর কোনো গোল না হলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় দুই দলকে।

সৌদি প্রো লিগে এ ড্রয়ের পর নয় ম্যাচে ৫ জয় ও ৪ ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে ৩-এ আল নাসর। সমান ম্যাচে ৮ জয় ও ১ ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আল হিলাল। আর নয় ম্যাচে ৮ জয় ও ১ হারে ২৪ পয়েন্ট নিয়ে ২-এ আল ইত্তিহাদ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা