× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বোর্ডের সিদ্ধান্তেই আফগান সিরিজে নেতৃত্বে শান্ত: প্রধান নির্বাচক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪ ০৩:৩৫ এএম

আপডেট : ০২ নভেম্বর ২০২৪ ১৭:১০ পিএম

নাজমুল হোসেন শান্ত

নাজমুল হোসেন শান্ত

নেতৃত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন নাজমুল হোসেন শান্ত। সেটা ক্রিকেটের তিন সংস্করণ থেকেই। স্বাভাবিকভাবেই নতুন অধিনায়ক কে হবে সেটাই নিয়ে চলছিল আলোচনা। কিন্তু ক্রিকেট অনুরাগীদের অবাক করে শান্তকে অধিনায়ক রেখেই আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল দিয়েছে বিসিবি।

প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানান, শান্তকে অধিনায়ক করে আফগানিস্তান সিরিজের দল সাজানোর বিষয়টি বোর্ডের সিদ্ধান্ত। এ নিয়ে তার ভাষ্য, ‘এটা বোর্ডের সিদ্ধান্ত। এ ব্যাপারে নির্বাচকদের কিছু না বলাই ভালো। সে অধিনায়ক ছিল। তাকেই রাখা হয়েছে। তবে এ ব্যাপারে আমাদের কথা বলাটা সমীচীন মনে করি না।’

এ দিকে এক বছরের বেশি সময়ের বিরতি শেষে ওয়ানডে দলে ফিরলেন নাসুম আহমেদ। বাঁহাতি এ স্পিনার সর্বশেষ দেশের জার্সি গায়ে খেলেছেন গত বছরের অক্টোবরে, ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে। দীর্ঘদিন পর নাসুমের ফেরা নিয়ে প্রধান নির্বাচকের ব্যাখ্যা ছিল এমন, ‘নাসুম সর্বশেষ বিশ্বকাপে ছিল। মাঝখানে খুব বেশি ওয়ানডে খেলেনি বাংলাদেশ। সাকিব থাকলে হয়তো বাঁহাতি স্পিনের জায়গাটা ভিন্ন হতে পারত। আমাদের বাঁহাতি স্পিনে তানভীর ও নাসুমকেই মূল বোলার মনে করি। রাকিবুলের আরও সময় দরকার বলে মনে করি।’

গাজী আশরাফ হোসেন সঙ্গে যোগ করেন, ‘নাসুম কঠোর পরিশ্রম করছে। কম্বিনেশনের জন্য তাকে রাখা। যদি উইকেটের চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে আমরা কোনো কারণে যদি তিন পেসার না খেলিয়ে তিন স্পিনার খেলাই, তাহলে মিরাজ ও রিশাদের সঙ্গে নাসুমের সুযোগ থাকতে পারে।’

প্রথমবারের মতো ওয়ানডে দলে জায়গা পেয়েছেন নাহিদ রানা। আফগান সিরিজে পেস বোলিং আক্রমণে বৈচিত্র্য আনতেই এ সিদ্ধান্ত। তানজিম হাসান সাকিব চোটে পেয়েছেন। হাসান মাহমুদকে দেওয়া হয়েছে বিশ্রাম। এতেই সুযোগ মিলেছে নাহিদ রানার। প্রধান নির্বাচক বলেন, ‘হাসান মাহমুদের ওয়ার্ক লোডের কারণে তাকে রাখা হয়নি। তানজিমের কাঁধে চোট আছে। আর আমরা নাহিদ রানাকে দেখতে চাই। চ্যাম্পিয়নস ট্রফির আগে এই সিরিজটা আর ওয়েস্ট ইন্ডিজে খেলা আছে আমাদের। আমরা এর আগে তাকে ওয়ানডেতে দেখিনি। এখান থেকে দেখতে চাই। আমরা আশা করছি সে ভালো করবে। যদি কোনো ফাইন টিউনিং দরকার হয়, নতুন কোচ সেটাও দেখার সুযোগ পাবেন। আর তার গতিময় বোলিং আমাদের জন্য আরেকটি অপশন হতে পারে।’

তাইজুলের দলে না থাকা নিয়ে প্রধান নির্বাচক বলেন, ‘তবে আমরা এমন একটা পরিস্থিতিতে আছি, সাকিব যেহেতু টেস্টে নেই, তাইজুল আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই ফরম্যাটে। ওয়ানডেতেও সে ভালো করতে পারে, কিন্তু টেস্টে আমাদের জন্য বেশি জরুরি সে। তাকে ঝুঁকিমুক্ত রাখার চেষ্টা করতে হবে আমাদের।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা