প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৪ ২১:২৫ পিএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৪ ২১:২৯ পিএম
সাফজয়ী অধিনায়ক সাবিনা। সংগৃহীত ছবি
সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় শিরোপা জিতে গতকাল বৃহস্পতিবারই দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। ছাদখোলা বাসে চ্যাম্পিয়নরা পেয়েছেন সংবর্ধনা। এসেছে বিসিবি থেকে পুরস্কারের ঘোষণা। বাফুফের সূত্রও জানিয়েছে আর্থিকভাবে পুরস্কৃত করা হবে সাবিনা খাতুনদের। এর মধ্যেই পুরোনো একটি দাবি নতুন করে সামনে এনেছেন সাফজয়ী অধিনায়ক সাবিনা। বলেছেন- বেতনটা যেন নিয়মিত হয় আর সেটি যেন আগের চেয়ে বাড়িয়ে দেওয়া হয়।
সাবিনাদের বেতন বাড়ানোর দাবিটা পুরোনো। এসব বিষয়ের সঙ্গে সাফ শিরোপা জয় এবং আরও বিভিন্ন বিষয়ে কথা বলেছেন সাবিনা। এর আগে ২০২২ সালে সাফ থেকে ফেরার পর অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ম্যাচ বেশি খেলার আশা দেওয়া হয়েছিল। এ ছাড়া এশিয়ান পর্যায়ে লক্ষ্য নির্ধারণের কথা বলা হয়েছিল। কিন্তু তার কতটা পূরণ হলো, এর উত্তর সাবিনার কণ্ঠে, ‘এখনও আমাদের বর্তমান প্রেসিডেন্ট তাবিথ আউয়াল স্যারের সঙ্গে আমাদের কথা হয়নি। দেশের বাইরে আছেন তিনি। তবে আমি উনার অনেক ইন্টারভিউ দেখেছি যেখানে উনি মেয়েদের ফুটবলের উন্নতির কথা বলেছেন। মেয়েদের ফুটবল নিয়ে আলাদাভাবে কাজ করার কথা বলেছেন। আমি আশা করছি, আমাদের আর্থিক বিষয়গুলোর পাশাপাশি উনি আমাদের বাকি সব চাহিদাও পূরণ করবেন।’
• বেতন বাড়ানো। বেতনটা নিয়মিত করা
• নারী লিগ নিয়মিত ও লম্বা সময় ধরে যেন হয়। মাঠে যেন খেলাটা থাকে।
• আরও বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ।
• দক্ষিণ এশিয়ার মধ্যে আটকে না থেকে যেন এশিয়ার মধ্যে নিজেদের মেলে ধরতে পারি- সেই লক্ষ্য নির্ধারণ করা।
• কোনো জায়গা বা ফ্ল্যাট দিতে পারলে সেটাই হবে মেয়েদের জন্য সবচেয়ে বড় উপহার।
আর্থিক পুরস্কারের ঘোষণা ইতোমধ্যে ক্রীড়া মন্ত্রণালয় থেকে পেয়েছে সাফজয়ী দল। বাফুফে ভবনেই তাদের এক কোটি টাকার পুরস্কার হাতে তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সেখানে উপদেষ্টার কাছে আরও কোনো চাওয়া ছিল কি না- জানতে চাইলে সাবিনা বলেন, ‘আসলে চাওয়া কিছু ছিল না। উনি মেয়েদের অভিনন্দন জানিয়েছেন। তবে তিনি বলেছেন নারী ফুটবল দল এবং নারী ক্রিকেট দলের সুযোগ-সুবিধা যেন বাড়ানো যায়, এই লক্ষ্যে তিনি দুই কর্তৃপক্ষের সঙ্গেই কথা বলবেন।’
সাবিনারা বাফুফের কর্তাদের কাছে কিছু চাইবেন কি না কিংবা চাওয়ার আছে কি নাÑ সেটিও একটি বিষয়। কয়েক দিন আগেই বাফুফে সভাপতি হয়েছেন তাবিথ আউয়াল। বর্তমানে তিনি অবশ্য দেশের বাইরে আছেন। আজ শনিবার দেশে ফেরার কথা তার। তাবিথ আউয়াল দেশে এলে তার কাছে সাবিনাদের চাওয়া আছে কি নাÑ জানতে চাইলে বলেন, ‘চাওয়া-পাওয়া তো অবশ্যই আছে। আমরা চাইব বেতনটা যেন বাড়ানো হয়। বেতনটা যেন নিয়মিত হয়। এ ছাড়া আমাদের উইমেন্স লিগ যেন নিয়মিত হয় এবং আরও লম্বা সময় ধরে যেন হয়। মাঠে যেন খেলাটা থাকে। এ ছাড়া আরও বেশি আন্তর্জাতিক ম্যাচ যেন খেলতে পারি। এই সাফের পর আমি চাই আমরা যেন দক্ষিণ এশিয়ার মধ্যেই পড়ে না থাকি। আমরা যেন পুরো এশিয়ার মধ্যে নিজেদের মেলে ধরতে পারি।’
এরপর সাবিনা কঠিন এক সত্য সামনে তুলে ধরে কিছুটা আবেগী হয়ে পড়েন। এই দলের অধিকাংশ খেলোয়াড় খুবই নিম্নবিত্ত পরিবার থেকে এসেছে বলে জানান। কিছু দিন আগের ভয়াবহ বন্যায় খেলোয়াড়দের বাড়িঘর ক্ষতিগ্রস্তের কথাও বলেন তিনি। আজ শনিবার প্রধান উপদেষ্টার কাছে সেসব জানাতে পারেন বলে জানিয়েছেন সাবিনা, ‘সত্যি বলতে আমি গতকালই (বৃহস্পতিবার) বিমানে একজন সাংবাদিককে বলেছি তার প্রশ্নের পরিপ্রেক্ষিতে, যে, মেয়েরা খুবই নিম্মবিত্ত ও মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছে। কিছু দিন আগে যে বন্যা হয়েছে সেখানে মেয়েদের পরিবারের বাসায় পানি উঠে গেছে। সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে- আমাদের পরিবারের মানুষরা যখন বাড়ি থেকে ঢাকা আসেন তখন সত্যি বলতে তাদের থাকার কোনো জায়গা থাকে না। আমি ব্যক্তিগতভাবে প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ করব যেন মেয়েদেরকে কোনো জায়গা বা ফ্ল্যাট দিতে পারেন সেটাই মেয়েদের জন্য সবচেয়ে বড় উপহার হবে।’
তবে এসব সুযোগ-সুবিধা নিলেই তো হবে না, নিজেদের এগিয়ে নিতে হবে আরও অনেক দূর। সাবিনার কথাতে উঠে আসে সেই বিষয়টিও, ‘এখন আর পিছিয়ে থাকার সুযোগ নেই। এখন সময় এসেছে মেয়েদের দক্ষিণ এশিয়ার বাইরে নিজেদের নিয়ে যাওয়ার। আমার সঙ্গে পাকিস্তানের অধিনায়কের সঙ্গে বেশ ভালো সম্পর্ক। সে আমাকে বলেছেন যে তোমরা ইউরোপের ক্লাবে খেলার যোগ্য। তোমাদের মধ্যে অনেক খেলোয়াড় রয়েছে যারা ইউরোপের ক্লাবে খেলার যোগ্যতা রাখে। এ বিষয়ে ফেডারেশনের দৃষ্টি আকর্ষণ করব। যেন তারা বিষয়টির প্রতি নজর রাখে।’