প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৪ ১৯:০৭ পিএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৪ ১৯:০৯ পিএম
চট্টগ্রামের বিখ্যাত খান পরিবারে আজকের এইদিনে তিনি জন্ম নেন— সংগৃহীত ছবি
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ব্যাটসম্যান আকরাম খানের জন্মদিন আজ। ১৯৬৮ সালের এই দিনে চট্টগ্রামের বিখ্যাত খান পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তার পুরো নাম— মোহাম্মদ আকরাম হুসেইন খান।
১৯৯৪ সালের আইসিসি ট্রফিতে বাংলাদেশ মোটাদাগে ব্যর্থ হলে ওই বছরই অধিনায়কের দায়িত্ব নেন আকরাম খান। ১৯৯৮ সাল পর্যন্ত ১৫টি সীমিত ওভারের ম্যাচে এই দায়িত্ব পালন করেন তিনি। পরে তার অধীনে আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। তিনি ১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত ৮টি টেস্ট ও ৪৪টি একদিনের আন্তর্জাতিক খেলায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।
১৯৮৮ সালের ২৯ অক্টোবর নিজ শহর চট্টগ্রামের এম.এ. আজিজ স্টেডিয়ামে একদিনের আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হয় আকরাম খানের। প্রথম শ্রেণীর ক্যারিয়ারে ৪৩ টি ম্যাচ খেলে ১২৯ বেস্টে ২টি সেঞ্চুরী ও ১০টি ফিফটির সাহায্যে মোট ২১১৭ রান করেন আকরাম। লিষ্ট এ ৯৫ ম্যাচ খেলে ৮২ বেস্টে ১২টি ফিফটির সাহায্যে ২১৯২ রান করেন তিনি। সব ধরনের ক্রিকেট মিলিয়ে তিনি বোলিং করে মাত্র ১টি উইকেট লাভ করেন। সর্বশেষ ২০০৫ সালে চট্টগ্রাম ডিভিশনের হয়ে বরিশাল ডিভিশনের বিপক্ষে শেষ ঘরোয়া ম্যাচ খেলেন তিনি।
ভারতের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দলের উদ্বোধনী টেস্ট ম্যাচে আকরাম খান দলে ছিলেন। গাজী আশরাফ লিপু’র যোগ্য দিক নির্দেশনায় তিনি আন্তর্জাতিক খেলোয়াড় হিসেবে গড়ে উঠেন। ২০০৩ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসরের আগে ৮টি ম্যাচে ২৫৯ রান করেছেন তিনি।
আকরাম খান বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দীর্ঘ দিন বিসিবির পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।