প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৪ ১৪:৩৪ পিএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৪ ১৪:৫০ পিএম
হংকং সিক্সেস টুর্নামেন্টে বড় জয়ে যাত্রা শুভ হয়েছে বাংলাদেশের। লাল-সবুজের প্রতিনিধিরা ওমানকে পরাজিত করেছেন ৩৪ রানে। অলরাউন্ডিং নৈপুণ্য দেখিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। তারকা পেস অলরাউন্ডার ১টি উইকেটের পাশাপাশি ১২ বলে অপরাজিত ৫৫ রানের ইনিংস খেলেন। হয়েছেন ম্যাচসেরা।
শুক্রবার টিন কোং রোড ক্রিকেট গ্রাউন্ডে জিসান আলম ও মোহাম্মদ সাইফউদ্দিনের ধুন্ধুমার ব্যাটিংয়ে নির্ধারিত ৬ ওভারে বাংলাদেশের স্কোর বোর্ডে জমা হয় ১৪৭ রান। লক্ষ্য তাড়ায় ৩৪ রান আগেই গুটিয়ে যায় ওমান।
এদিন ওমানের অধিনায়ক জিতনে রামানন্দির আমন্ত্রণে প্রথমে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ইনিংসের শুরুতেই ছক্কা হাঁকিয়ে ঝড়ের আভাস দেন জিসান। প্রথম ওভারে ৩টি ওভার বাউন্ডারি মারেন এ ওপেনার। পরের ওভারে নিজেকে ছাড়িয়ে যান। মুজিবরকে হাঁকান আরও ৪টি। পরের ওভারে আরও ২টি। এরপর রিটায়ার্ড হার্ট হন তিনি। ১২ বল খেলে ১ চার আর ৮ ছয়ে করেন ৫৫ রান।
জিসানের মতো ওমানের বোলারদের তুলাধুনা করেন সাইফউদ্দিনও। তিনিও ১২ বলে করেছেন ৫৫ রান, হাঁকিয়েছেন ৩টি চার ও ৭টি ছয়। এরপর টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। এ দুজন ছাড়া বাংলাদেশের হয়ে ইয়াসির আলী করেছেন ৯ বলে ২৬ ও আবু হায়দার ৩ বলে ৪ রান।
জবাবে ওমান থামে ১১৩ রানে। ওমানের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন শুক্লা। ৮ বলে ২৯ রান করেছেন তিনি। ব্যাট হাতে ঝড় তোলা সাইফউদ্দিন ও জিসান বল হাতেও দেখিয়েছেন নৈপুণ্য। জিসান ১ ওভার বল করে নিয়েছেন ২ উইকেট। সাইফউদ্দিন পেয়েছেন ১টি।
সাত বছরের বিরতিতে আবার শুরু হয়েছে হংকং সিক্সেস টুর্নামেন্ট। ১ নভেম্বর শুরু হওয়া এ টুর্নামেন্ট চলবে ৩ নভেম্বর পর্যন্ত। বাংলাদেশের প্রথম ম্যাচ ছিল আজ। শুরুতেই সাফল্য দেখিয়েছেন লাল-সবুজের প্রতিনিধিরা।