× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৌদি কিংস কাপ

রোনালদোর পেনাল্টি মিস, আল নাসরের বিদায়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪ ০০:১৪ এএম

পেনাল্টি মিস করে হতাশ ক্রিশ্চিয়ানো রোনালদো

পেনাল্টি মিস করে হতাশ ক্রিশ্চিয়ানো রোনালদো

একেবারে ম্যাচের শেষ মুহূর্ত তখন। মাঠের রেফারি যেন শেষ বাঁশি বাজানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময়েই স্কোর লেভেল করার সুবর্ণ সুযোগ পেয়েছিল আল নাসর। বিষয়টা যখন পেনাল্টির, তখন ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়ে এ ব্যাপারে বিশেষজ্ঞ আর কেই-বা আছে সৌদির জায়ান্ট ক্লাবটিতে। মধ্যপ্রাচ্যের এই ক্লাবটির জার্সি গায়ে আগে কখনও পেনাল্টি মিস করেননি যিনি, সেই আত্মবিশ্বাস নিয়েই পেনাল্টি নিলেন সিআর সেভেন। কিন্তু দুর্ভাগ্য! এতদিন সৌদিতে যেটা হয়নি রোনালদোর বেলায়। মঙ্গলবার রাতে সেই দুঃস্বপ্নই দেখলেন। তার নেওয়া শট ক্রসবারের ওপর দিয়ে আঘাত হানে গ্যালারিতে! বলের আঘাতে আহত হয়েছেন রোনালদোরই এক খুদে ভক্ত। ভেঙেছে তার হাতের মোবাইলটাও। 

ব্যর্থতার গল্প লিখে হাত দিয়ে মুখ লুকানোর চেষ্টা করেন পর্তুগিজ মহাতারকা। রাজ্যের হতাশা সঙ্গী করে নেন রোনালদো। শুধু ম্যাচটি হার মানেনি আল নাসর, টুর্নামেন্টে তাদের মিশনও শেষ হলো এ হারে! আল তাউনের কাছে ১-০ গোলে ধরাশায়ী হয়ে সৌদি কিংস কাপের শেষ ষোলো থেকে ছিটকে গেল আল নাসর।আল নাসরের আল আউয়াল পার্কে ম্যাচের ৭১তম মিনিটে জালে বল জড়িয়ে আল তাউনকে লিড এনে দেন ওয়ালিদ আল-আহমেদ। এই গোলের সুবাদেই জয় নিয়ে মাঠ ছাড়ে অতিথিরা। নির্ধারিত সময় শেষে ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটে পেনাল্টি থেকে গোলের সঙ্গে আসরে টিকে থাকার দারুণ এক সুযোগ বাঁচাতেও ব্যর্থ হন রোনালদো। হতাশায় ডুবে যাওয়া রোনালদোকে সান্ত্বনা দেন তার ক্লাব সতীর্থরা। আর উল্টো দিকে আল তাউনের গোলরক্ষক ও তার সতীর্থরা মেতে ওঠেন বিজয়ের উল্লাসে।

স্নায়ুচাপের কাছে পরাস্ত হয়ে ৩১ পেনাল্টি মিস করে তালিকার সবার ওপরে ছিলেন আর্জেন্টিনার ফুটবল জাদুকর লিওনেল মেসি। এবারে তাতে ভাগ বসালেন রোনালদো। ক্যারিয়ারে ৩১তম পেনাল্টি মিস করলেন আল নাসরের এ সুপারস্টার। ফুটবলে পেনাল্টির সুযোগ নষ্টের তালিকায় লিওনেল মেসির সঙ্গেই এখন সবার ওপরে তিনি। ক্যারিয়ারে ১৯৯ পেনাল্টি থেকে রোনালদো গোল পেয়েছেন ১৬৮ বার। সব মিলিয়ে ৮৪ দশমিক ৪২ শতাংশ পেনাল্টি জালে জড়িয়েছেন পর্তুগিজ সুপারস্টার। এ ক্ষেত্রে মেসি খানিকটা পিছিয়ে। ক্যারিয়ারের ১৪০ পেনাল্টি থেকে ১০৯ টিতে সাফল্য পেয়েছেন মেসি। তার সাফল্যের হার ৭৭ দশমিক ৯ শতাংশ। পেনাল্টির ক্ষেত্রে মেসি বেশ খানিকটা পিছিয়েই রয়েছেন রোনালদোর তুলনায়। 

তবে জাতীয় দলের হিসাবে পরিসংখ্যান কথা বলছে অবশ্য মেসির হয়ে। আলবিসেলেস্তেদের হয়ে মেসি নিয়েছেন ২৯ পেনাল্টি। মিস করেন ৫টি। গোল এসেছে ২৪টিতে। আর রোনালদো ২৮ পেনাল্টি থেকে কেবল ২০ বারই বল জালে জড়াতে পেরেছেন। মিস করেন ৮টি পেনাল্টি। দেশের হয়ে মেসির পেনাল্টি সাফল্য যেখানে ৮৩ শতাংশের আশপাশে। এখানে পিছিয়ে থাকা রোনালদোর সাফল্যের হার ৭১ দশমিক ৪ শতাংশ।

আল নাসরে নাম লেখার আগে নেওয়া ১৮ পেনাল্টির সবকটিতেই নিশানা ভেদ করেছিলেন রোনালদো। প্রথমবারের মতো আল নাসরে পেনাল্টি নিয়ে ব্যর্থ হওয়ায় টুর্নামেন্ট থেকেই বিদায় নিতে হলো, ট্রফি জয়ের একটি সুযোগও হাতছাড়া হলো অবশেষে। পাঁচবারের ব্যালন ডি’র জয়ী তারকা সৌদি আরবে আসার পর মাত্র একটি ট্রফি জয়ের স্বাদ পেয়েছেন রোনালদোÑ সেটা আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ। আর স্তেফানো পিওলি কোচ হয়ে নাম লেখার পর এই প্রথম হারল আল নাসর। তবে চলতি মৌসুমে ট্রফি জয়ের আশায় কোচ, ‘টেকনিক্যালি আজকে আমরা ভালো পারফর্ম করেছি, তবে ম্যাচ জিততে পারিনি। কাপ থেকে ছিটকে পড়ে অবশ্যই আমরা হতাশ। তবে এখনও দুটি ট্রফির লড়াই চলছে এবং সেগুলোতে নিজেদের সেরাটা দেব আমরা।’

সৌদি প্রো লিগে আট ম্যাচ খেলে ১৮ পয়েন্টের পুঁজি নিয়ে তিনে পড়ে রয়েছে আল নাসর। সবার ওপরে থাকা আল হিলালের সঙ্গে তাদের ব্যবধান এখন ছয় পয়েন্টের। এশিয়ান চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বে তিন ম্যাচে তাদের সংগ্রহ দাঁড়িয়েছে ৭ পয়েন্ট।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা