প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪ ২০:৫৭ পিএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২৪ ২১:২৯ পিএম
আগামী মাসের শুরুর দিকেই আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া সিরিজে দেখা যেতে পারে সাকিব আল হাসানকে। বুধবার শেরেবাংলায় বোর্ড মিটিংয়ের আগে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। নাজমুল হোসেন শান্তর নেতৃত্ব ছাড়ার ইস্যুতে অনেক প্রশ্নের মাঝে সাকিবের দেশে না ফেরার প্রশ্ন শুনেছিলেন বোর্ডপ্রধান। বিদায়ি টেস্ট মিরপুরে খেলতে না পারার কারণে বিসিবি দায়ী নয়, বলেও জানিয়েছেন তিনি।
ঠিক কী কারণে সাকিব তার বিদায়ি টেস্ট খেলতে পারেনি, সেই বিষয়েও বক্তব্য দিয়েছেন। ফারুকের মতে, সাকিবের মতো খেলোয়াড়ের দেশে শেষ টেস্ট খেলতে দেওয়া উচিত ছিল। কিন্তু বোর্ড সেখানে যথেষ্ট চেষ্টা করেও ফল পক্ষে আনতে পারেননি। তবে আগামী মাসে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে সাকিব খেলতে পারেন বলেও জানিয়েছেন, ‘সাকিবের ব্যাপারটা… এখনও যেহেতু দল দেয়নি (ঘোষণা হয়নি), আমার মনে হয় অ্যাভেইলঅ্যাবল আছে সে।’
এদিকে অধিনায়ক হিসেবে ‘শেষ’ বলে দিয়েছেন শান্ত। নিজের সিদ্ধান্তের কথাও বিসিবিকে বলেছেন। তবে একটু রয়েসয়ে সিদ্ধান্ত নিতে চায় টাইগার ক্রিকেট বোর্ড। বুধবার বোর্ড সভাপতি ফারুক আহমেদ তেমন কিছুরই ইঙ্গিত দিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন, চট্টগ্রাম টেস্ট চলাকালীন শান্তর সঙ্গে আলোচনা বসবে তারা, তখনই আসবে নেতৃত্ব ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত।
এর আগে গত ২৬ সেপ্টেম্বর টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন সাকিব। সাকিব জানিয়েছিলেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলে ফরম্যাটটি থেকে বিদায় নিতে চান। তার আগ্রহের কথা বিবেচনায় রেখে প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টেস্টে তাকে রেখেই দল সাজিয়েছিল বিসিবি। কিন্তু নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে বিদায়ি টেস্টে খেলতে পারেননি বিগত সরকারের সংসদ সদস্য সাকিব।
এদিকে অবসরের ঘোষণায় সাকিব ওয়ানডে ক্যারিয়ারও বেশি দীর্ঘায়িত করতে চান না বলে জানিয়েছিলেন। আগামী বছর পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়নস ট্রফি খেলে ওয়ানডে ক্রিকেট থেকেও বিদায় নেওয়ার ইচ্ছা তার। কিন্তু বর্তমান পরিস্থিতিতে পুনরায় বাংলাদেশের ক্রিকেটে ফেরা নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছে সাকিবের। আগামী ৬ নভেম্বর শারজায় আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে। একই ভেন্যুতে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ৯ ও ১১ নভেম্বর। আফগান সিরিজে সাকিব থাকেন কি না, সেটাই এখন দেখার বিষয়।
মিরপুরে আজ বোর্ডপ্রধান জানিয়েছেন খুব দ্রুতই নেতৃত্ব ইস্যুর সমাধান করতে চাচ্ছেন, ‘যদি কোন ক্রিকেটার মনে করেন যে তার দায়িত্ব সে চালিয়ে নিতে পারছে না। সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তো শান্তর যে ব্যাপারটা সেটা আমিও শুনেছি। কিন্তু এর পেছনে কোনো কারণ আছে কি না, কেন করতে চাচ্ছে এগুলো খুঁজে বের করাটা খুব জরুরি। ওগুলো নিয়ে শান্তর সঙ্গে কথা বলব। আজকে আমি চট্টগ্রামে যাব কাল, পরশুর মধ্যে কোচ, অধিনায়কের সঙ্গে বসে আলোচনা করে একটা সিদ্ধান্ত নিতে পারব।’