আইসিসি র্যাঙ্কিং
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪ ২০:০২ পিএম
মিরপুর টেস্টে হার। চট্টগ্রামেও ধুঁকছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ৫৭৫ রান তুলেই প্রথম ইনিংস ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। জবাবে ৪ উইকেট হারিয়ে ৩৮ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। দেশের এমন হতাশাজনক পারফরম্যান্সের মাঝেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল থেকে সুখবর পেলেন মেহেদী হাসান মিরাজ।
গতকাল বুধবার আইসিসি হালনাগাদ
করেছে সাপ্তাহিক র্যাংকিং। যেখানে টেস্টে অলরাউন্ডারদের র্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে
তিনে উঠে এসেছেন মিরাজ। বাংলাদেশের অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ২৯৪। মিরাজের সুখবরের
দিনে দুঃসংবাদ পেয়েছেন সাকিব আল হাসান। চারে নেমে গেছেন দেশসেরা অলরাউন্ডার। সুসংবাদ
পেয়েছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা। ভারতের যশপ্রীত বুমরাকে সরিয়ে ২০১৯ সালের ফেব্রুয়ারির
পর আবার টেস্টের ১ নম্বর বোলার হলেন প্রোটিয়া ফাস্ট বোলার। তার রেটিং পয়েন্ট ৮৬০। জশ
হ্যাজলউড এক ধাপ এগিয়ে দুইয়ে উঠে এসেছেন। তিনে নেমে গেছেন বুমরা।
রাবাদা মিরপুরে সিরিজের প্রথম
টেস্টে পেয়েছিলেন ৯ উইকেট। যার মধ্যে ৬টিই ছিল দ্বিতীয় ইনিংসে। টেস্টে এক ইনিংসে ১৫
বার নিয়েছেন ৫ উইকেট। টেস্টে তার উইকেট ছিল ৩০৮। চট্টগ্রামে বাংলাদেশের প্রথম ইনিংসে
দুই উইকেট তোলায় সেটি দাঁড়িয়েছে ৩১০ এ।