রুবেল রেহান
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪ ০৩:০২ এএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২৪ ১১:১৭ এএম
বাংলাদেশ ৩-১ গোলে ফাইনাল জিতবে বলে মনে করেন জাতীয় দলের বাইরে থাকা সাফজয়ী ডিফেন্ডার আখি খাতুন। ছবি : সংগৃহীত
২০০৩ সালে পুরুষদের সাফে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ। এরপর কেটে যায় দীর্ঘ ১৯ বছর। এ সময় গর্ব করার মতো তেমন সাফল্য ছিল না দেশের ফুটবলে। অবশেষে লাল সবুজের জার্সিতে গৌরব বয়ে আনেন বাংলাদেশের মেয়েরা। ২০২২ সালে নারী সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় তখনকার গোলাম রাব্বানী ছোটনের দল। অপরাজেয় সাফল্যের সেই যাত্রার অন্যতম কান্ডারি ছিলেন ডিফেন্ডার আখি খাতুন। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সে দলকে শিরোপা জেতাকে দারুণ অবদান রাখেন সিরাজগঞ্জের এই মেয়ে।
তারপর কেটে গেছে আরও দুই বছর। আখি পাড়ি জমিয়েছেন সুদূর চীনে। তবে যেখানেই থাকেন নারী দলের খেলা দেখেন নিয়মিতই। চলমান সাফেও দেখেছেন প্রায় প্রতিটি ম্যাচ। আজ বুধবার নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে সাফের সপ্তম আসরের ফাইনালে স্বাগতিকদের মোকাবিলা করবে বাংলাদেশ। এ ম্যাচে বাংলাদেশ ৩-১ গোলে জিতবে বলে বিশ্বাস করেন আখি। এ নিয়ে মঙ্গলবার প্রতিদিনের বাংলাদেশকে আখি বলেন, ‘স্বাভাবিক খেলাটা খেলতে পারলেই আমরা ওদের হারাতে পারব। মাঝমাঠে মারিয়া (মান্ডা) আর মনিকা (চাকমা) খেললে এবং সাবিত্রাকে আটকাতে পারলেই ওদের হারানো কঠিন কিছু হবে না।’
নেপালের বিপক্ষে ফাইনালের আগে বাংলাদেশ শিবিরে কিছুটা হলেও দুশ্চিন্তা আছে প্রতিপক্ষ ফরোয়ার্ড সাবিত্রা ভান্ডারিকে নিয়ে। ভারতের বিপক্ষে পিছিয়ে পড়ার পরও তার গোলেই সমতা টানে নেপাল। এরপর পেনাল্টি শুটআউটে ভারতকে ৪-২ ব্যবধানে হারায় স্বাগতিক দলটি। ভারত ম্যাচের মতো বাংলাদেশের বিপক্ষেও আতঙ্ক ছড়াবেন সাবিত্রা, এমন দুশ্চিন্তা অনেকের। শক্তিশালী এ ফরোয়ার্ডকে আটকে রাখতে অবশ্য আলাদা ছক কষতে হবে বাংলাদেশকে। বিশেষ করে বাংলাদেশের ডিফেন্ডার আফিদা খন্দকার ও মাসুরা পারভীনকে। দুজনই আছেন দারুণ ছন্দে।
আখি খাতুনও মনে করেন এ দুজন পার্থক্য গড়ে দিতে পারেন ম্যাচের। সাবিত্রাকে আটকানোর বিষয়ে জাতীয় দলের বাইরে থাকা ২১ বছর বয়সি ডিফেন্ডার বলেছেন, ‘আমি যখন সিনিয়র সাফ খেলি নাই, তখন থেকেই ওকে আমি পছন্দ করতাম। আমার কাছে মনে হতো ও যখন মাঠে নামে তখন কিছু না কিছু হয়। ২০২২ সালে ও যখন আমাদের বিপক্ষে নামল তখন ওকে আমরা মার্ক করে খেলি। আমি মনে করি ম্যান টু ম্যান মার্ক করে খেলায় মাসুরা (পারভীন) আপু খুব ভালো পারেন। তবে একা কেউ ফাইনাল জেতাতে পারে না। মাসুরা আপু ওকে নিয়ে ব্যস্ত থাকলে তখন রূপনার (গোলরক্ষক) সামনে কাউকে থাকতে হবে। নয়তো সাবিত্রা যে মানের প্লেয়ার, দেখা গেল এক টানে গোল করে দেবে (হাসি)।’