বলছেন আমিনুল ইসলাম বুলবুল
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪ ১৬:৪২ পিএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৪ ১৮:৩২ পিএম
জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। ফাইল ছবি
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব এখন অনেকটা খেলায় পরিণত হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আমিনুল ইসলাম বুলবুল। সাবেক এই অধিনায়কের মতে, সিরিজ চলাকালে ক্রিকেটের বাইরের নানা বিষয় এবং অধিনায়ককে ঘিরে বিতর্ক দলে নেতিবাচক প্রভাব ফেলছে।
সোমবার এক ফেসবুক স্ট্যাটাসে বুলবুল বলেন, ‘একটি সিরিজের আগে আমাদের কত কিছু বিশ্লেষণ করতে হয়, যেমন - প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা, দলের সঠিক কম্পোজিশন, কৌশলগত পরিকল্পনা এবং দলের পারফরম্যান্স। এই সমস্ত বিষয় মাথায় রেখে বাইরের বিষয় নিয়ে বিভ্রান্ত হওয়া উচিত নয়।’
বুলবুলের মতে, সম্প্রতি ক্রিকেট নিয়ে
বিশ্লেষণমূলক আলোচনা কমে যাচ্ছে। ইনিংস গঠনের কৌশল, দুর্দান্ত বোলিং স্পেল, চমৎকার
ফিল্ডিং বা বোলিং পরিবর্তনের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা প্রায় হারিয়ে গেছে, ‘এ ধরনের
বিশ্লেষণ না থাকলে দলের উন্নয়ন ও ধারাবাহিকতা ক্ষতিগ্রস্ত হয়।’
বোর্ডের দায়িত্বের কথা উল্লেখ করে
বলেন, ‘বোর্ডের দায়িত্ব অধিনায়ককে ফোকাসে রাখা এবং পুরো দলকে খেলায় মনোযোগী হতে সহায়তা
করা। এসব বিষয়ে সঠিক মনোযোগ না দিলে ধারাবাহিক পারফরম্যান্স সম্ভব নয়।’
এদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে হারের পর তিন ফরম্যাটের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। সিরিজের মাঝপথে তার এমন সিদ্ধান্তে নাখোশ অনেকেই। বুলবুল যেন সেই রাগই উগরে দিয়েছেন সমাজমাধ্যমে।