চট্টগ্রাম টেস্ট
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪ ১৪:৪২ পিএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৪ ১৭:০৯ পিএম
মেহেদি হাসান মিরাজের হাওয়ায় ভাসানো বলটিকে সুইপ করলেন। বল গড়িয়ে চলে গেল ব্যাকওয়ার্ড লেগ দিয়ে সীমানার বাইরে। তাতেই ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরির দেখা পেয়ে গেলেন দক্ষিণ আফ্রিকার ওপেনার টনি ডি জর্জি। ১৪৬ বলে ৮ চার ও ২ ছক্কায় ইনিংসটি সাজিয়েছেন বাঁহাতি এই ব্যাটার। এই ব্যাটারের সেঞ্চুরিতে প্রোটিয়াদের সংগ্রহ দুইশ ছাড়িয়েছে।
এইডেন মার্করামের উইকেট হারালেও প্রথম সেশনটা নিজেদের করে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় সেশনে ২৮ ওভারে রান উঠেছে ৯৬। কিন্তু এই সেশনে বাংলাদেশের বোলাররা ১টি উইকেটও তুলে নিতে পারেননি। পুরোটা সময়েই চলেছে দুই প্রোটিয়া ব্যাটসম্যান ডি জর্জি ও ক্রিস্টান স্টাবসের দাপট। ফলে ১ উইকেটে ২০৫ রান নিয়ে চা পানের বিরতিতে গেছে সফরকারীরা।
সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১ উইকেটে ১০৯ রান নিয়ে প্রথম দিনের দ্বিতীয় সেশনে ব্যাটিংয়ে নেমে আরও নিখুঁত ব্যাটিং করেছেন সফরকারী দুই ব্যাটার ডি জর্জি ও ট্রিস্টান স্টাবস। ক্যারিয়ারের অষ্টম টেস্টে প্রথম সেঞ্চুরির পাওয়া ২৭ বর্ষী জর্জি ১৫২ বলে ১০১ রান নিয়ে অপরাজিত আছেন। তার সঙ্গী স্টাবস ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি হাঁকিয়ে ইনিংস বড় করার দিকে ছুটছেন। তার ব্যাট থেকে এসেছে ১৩১ বলে ৩ চার ও ১ ছক্কায় ৬৫ রান। দুজনের জুটি থেকে এখন পর্যন্ত ২৩৫ বলে রান উঠেছে ১৩৬।
এর আগে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছিলেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। ব্যাটিং বান্ধব উইকেটে ব্যাট হাতে সফরকারীদের শুরুটাও হয় দাপুটে। বাংলাদেশের বোলারদের তেমন পাত্তা না দিয়ে দিনের প্রথম সেশনেই দলীয় রান একশ পার করে সফরকারী ব্যাটাররা। তাইজুল ইসলাম প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম (৩৩) মুমিনুলকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরান। তবে দলীয় ২৭ রানের সময় হাসান মাহমুদের ইনসুইংয়ে আরেক ওপেনার টনি ডি জর্জির ক্যাচের সহজ সুযোগ মিস করেন অভিষিক্ত উইকেটকিপার মাহিদুল ইসলাম অঙ্কন।
মিরপুরে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ৭ উইকেটে হেরে ব্যাকফুটে আছে বাংলাদেশ। সিরিজ হার ঠেকাতে এ টেস্টে জয় তুলে নেওয়ার বিকল্প নেই নাজমুল হোসেন শান্তদের সামনে। বাঁচা-মরার এ ম্যাচে একাদশে তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে টিম বাংলাদেশ। জাকের আলী অনিক, লিটন কুমার দাস এবং নাইম হাসান বাদ পড়েছেন। তাদের পরিবর্তে একাদশে জায়গা করে নিয়েছেন মাহিদুল ইসলাম, জাকির হাসান ও নাহিদ রানা। আর দক্ষিণ আফ্রিকা দলে এসেছে দুই পরিবর্তন। সেনুরান মাথুসামি এবং ডেইন পিটারসন জায়গা করে নিয়েছেন একাদশে।