প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪ ১৪:০২ পিএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৪ ১৪:৪১ পিএম
শ্রীলঙ্কা সফরে কুঁচকির ইনজুরিতে পড়েছিলেন
কেন উইলিয়ামসন। সে চোটের কারণেই ভারতের বিপক্ষে প্রথম দুই টেস্টে খেলতে পারেননি। সাবেক
কিউই অধিনায়ক এবার মুম্বাই সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট থেকেও ছিটকে গেলেন। ঘরের মাঠে
ইংল্যান্ড সিরিজে ডান হাতি এ ব্যাটারকে পূর্ণ ফিট পেতেই বিশ্রামে পাঠিয়েছে নিউজিল্যান্ড
ক্রিকেট (এনজেডসি) ।
মঙ্গলবার (২৯ অক্টোবর) এনজেডসি সংবাদ
বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে, ৩৪ বছর বয়সি উইলিয়ামসনকে ‘সতর্কতাবশত’ ভারতের বিপক্ষে
তৃতীয় টেস্ট থেকে দূরে রাখা হচ্ছে। দলটির প্রধান কোচ গ্যারি স্টিড জানিয়েছেন, ইংল্যান্ডের
বিপক্ষে টেস্ট সিরিজের আগে উইলিয়ামসনকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না দল।
স্টিড বলেছেন, ‘সে (উইলিয়ামসন) সুস্থ
হতে শুরু করেছে, কিন্তু এখনই পুরোপুরি ফিট নয়। আমরা মনে করি তার জন্য সবচেয়ে ভালো
পদক্ষেপ হলো নিউজিল্যান্ডে থাকা এবং তার পুনর্বাসনের চূড়ান্ত অংশে নজর দেওয়া। ইংল্যান্ড
সিরিজের এখনও এক মাস বাকি, তাই এখনই সতর্কতা অবলম্বন করলে প্রস্তুত হওয়া নিশ্চিত হবে।’
উল্লেখ্য, উইলিয়ামসনকে ছাড়াই ভারতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জিতেছে নিউজিল্যান্ড। তিন ম্যাচ সিরিজে এখন ২-০তে এগিয়ে আছেন টম ল্যাথামরা। ১ নভেম্বর থেকে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মাঠে গড়াবে শেষ টেস্ট। ক্রাইসচার্চে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ ২৮ নভেম্বর শুরু হবে। পরের দুই টেস্ট শুরু হবে ৬ ডিসেম্বর ওয়েলিংটনে ও ১৪ ডিসেম্বর হ্যামিল্টনে।