চট্টগ্রাম টেস্ট
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪ ১২:১৮ পিএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৪ ১৪:৪৩ পিএম
অধিনায়ক এইডেন মার্করামের উইকেট শিকার তাইজুলের। ছবি : বিসিবি
মিরপুর টেস্টে দুর্দান্ত জয়ের পর চট্টগ্রাম টেস্টেও দাপুটে শুরু করল দক্ষিণ আফ্রিকা। প্রথম সেশনটি পুরোপুরিই ছিল তাদের নিয়ন্ত্রণে। বাংলাদেশের বোলাররা প্রোটিয়া ব্যাটসম্যানদের খুব বেশি বিপদেও ফেলতে পারেননি। এইডেন মার্করাম নিজের ভুলে আউট হলেও আরেক ওপেনার টনি ডি জর্জির ক্যাচের সহজ সুযোগ মিস করেছেন অভিষিক্ত উইকেটকিপার মাহিদুল ইসলাম অঙ্কন। তাতেই ১ উইকেটে ১০৯ রান নিয়ে লাঞ্চে গেছেন সফরকারীরা।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করে দক্ষিণ আফ্রিকা। এইডেন মার্করাম ও টনি ডি জর্জি নতুন বলে বাংলাদেশের কোনো বোলারকেই পাত্তা দেননি। অবশ্য দলীয় ২৭ রানের মাথায় উইকেটের একটা সুযোগ পেয়েছিল বাংলাদেশ। হাসান মাহমুদের বলে ডি জর্জির ব্যাটের বাইরের কানায় লেগে বল গিয়েছিল মাহিদুলের পাশ দিয়ে। ডান দিকে ঝাঁপিয়ে পড়লেও ক্যাচটি নিতে পারেননি মাহিদুল।
অবশেষে দলীয় ৬৯ রানের মাথায় এসে প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ১৮তম ওভারে তাইজুল ইসলামের হাওয়ায় ভাসানো বলে ডাউন দ্য উইকেটে এসে ক্যাচ তুলে দেন মুমিনুল হকের হাতে। ৫৫ বলে ৩৩ রান করে সাজঘরে ফেরেন মার্করাম। এরপর বিরতির আগ পর্যন্ত বেশ সাবলীল ক্রিকেট খেলেছে দক্ষিণ আফ্রিকা। ৪৯ রানে অপরাজিত আছেন ডি জর্জি, ২৩ রান নিয়ে ব্যাটিং করছেন ত্রিস্তান স্টাবস। প্রথম সেশনে খেলা হয়েছে ২৮ ওভার। ওভারপ্রতি রান উঠেছে ৩.৮৯।
বোলিংয়ে তাইজুল ১০ ওভারে ৩৩ রানে ১ উইকেট শিকার করেছেন। হাসান মাহমুদ ৭, নাহিদ রানা ৫ ও মেহেদি হাসান মিরাজ ৬ ওভার বোলিং করলেও ব্রেক থ্রু এনে দিতে পারেননি।
এদিকে সিরিজের প্রথম টেস্টে হারের পর এ টেস্টে জয় তুলে নেওয়ার বিকল্প নেই বাংলাদেশের সামনে। বাঁচা-মরার এ ম্যাচে একাদশে তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে টিম বাংলাদেশ। জাকের আলী অনিক, লিটন কুমার দাস এবং নাইম হাসান বাদ পড়েছেন। তাদের পরিবর্তে একাদশে জায়গা করে নিয়েছেন মাহিদুল ইসলাম, জাকির হাসান ও নাহিদ রানা। আর দক্ষিণ আফ্রিকা দলে এসেছে দুই পরিবর্তন। সেনুরান মাথুসামি এবং ডেইন পিটারসন জায়গা করে নিয়েছেন একাদশে।