× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে কোচিংয়ে ওয়েড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪ ১১:৪৯ এএম

আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে কোচিংয়ে ওয়েড

গত মার্চে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ম্যাথু ওয়েড। ওই সময়ে সাদা বলের ক্রিকেটে মনোযোগী হওয়ার কথা বলেছিলেন তিনি। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার এবার বিদায় নিলেন সব রকমের ফরম্যাটেই। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়তেই নতুন ভূমিকায় ক্রিকেটের সাথেই থাকছেন ৩৬ বছর বয়সি ওয়েড। আসন্ন পাকিস্তান সিরিজে অস্ট্রেলিয়ার সহকারী কোচের ভূমিকা দেখা যাবে এই উইকেটরক্ষক ব্যাটারকে।

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া। তবে আসন্ন এই সিরিজে অজি দলের নিয়মিত প্রধান কোচ অ্যান্ডু ম্যাকডোনাল্ডের পাশাপাশি থাকছেন না ব্যাটিং কোচ মাইকেল ডি ভেনুটো ও স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেটোরি। তাই প্রধান কোচের দায়িত্ব সামলাবেন আরেক সহকারী কোচ আন্দ্রে বোরোভেচ। তার সহকারী হিসেবেই কিপিং ও ফিল্ডিং কোচের দায়িত্ব শুরু করতে যাচ্ছেন ওয়েড। তার সঙ্গে থাকবেন ব্র্যাড হজ ও হ্যামিশ বেনেটও।

অবসরের প্রসঙ্গে ওয়েড বলেছেন, ‘আমি নিশ্চিত ছিলাম আমার আন্তর্জাতিক দিনগুলো সম্ভবত গত টি-টোয়েন্টি বিশ্বকাপেই শেষ হয়ে গেছে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আমার অবসর এবং কোচিং নিয়ে গত ছয় মাস ধরে জর্জ (বেইলি) এবং অ্যান্ড্রু'র (ম্যাকডোনাল্ড) সাথে অনেক কথা হয়েছে। গত কয়েক বছর ধরে কোচিং আমার চিন্তাভাবনায় রয়েছে এবং সৌভাগ্যবশত কিছু দুর্দান্ত সুযোগ আমার হাতে এসেছে, যার জন্য আমি খুব কৃতজ্ঞ এবং রোমাঞ্চিত।’

২০১১ সালের অক্টোবরে আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক হয়েছিল ওয়েডের। অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন ৩৬ টেস্ট, ৯৭ ওয়ানডে ও ৯২ টি-টোয়েন্টি ম্যাচ। টেস্টে চার সেঞ্চুরিতে ১ হাজার ৬১৩ রান করেছেন তিনি ২৯.৮৭ গড়ে, ওয়ানডেতে একটি সেঞ্চুরিতে ১ হাজার ৮৬৭ রান ২৬.২৯ গড়ে আর টি-টোয়েন্টিতে ১ হাজার ২০২ রান করেছেন তিনি ১৩৪.১৫ স্ট্রাইক রেটে। যেখানে অজিদের হয়ে ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের কীর্তিও আছে তার। 

তার ক্যারিয়ারের সেরা মুহূর্ত নিঃসন্দেহে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়। সেমি-ফাইনালে ১৭ বলে ৪১ রানের অপরাজিত ইনিংস খেলে পাকিস্তানের বিপক্ষে দলকে স্মরণীয় এক জয় এনে দিয়েছিলেন তিনি। তিন ওভারে যখন প্রয়োজন ৩৭ রান, তখন হাসান আলির বলে ছক্কা ও চার মারার পর শাহিন শাহ আফ্রিদিকে টানা তিন ছক্কা মেরে ম্যাচ শেষ করে দিয়েছিলেন চোট নিয়ে ম্যাচটি খেলা ওয়েড।

ওয়েডকে জাতীয় দলে সর্বশেষ দেখা গেছে গত জুনে, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে। এর আগে সবশেষ টেস্ট ও ওয়ানডে খেলেছেন তিনি ২০২১ সালে। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও খেলা পুরোপুরি ছেড়ে দিচ্ছেন না তিনি। হোবার্ট হারিকেন্সের হয়ে বিগ ব্যাশে তাকে দেখা যাবে। সমসাময়িক আরও অনেক ক্রিকেটারের মতো বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেও খেলে যাবেন কিছুদিন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা