প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪ ১৬:৩৬ পিএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪ ১৭:১৫ পিএম
মিরপুরে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে ১০ বছর পর এশিয়ার মাটিতে টেস্ট জিতেছে দক্ষিণ আফ্রিকা। মঙ্গলবার চট্টগ্রামে শুরু হবে দুই দলের সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। আগের ম্যাচে হেসেখেলে জিতলেও এই ম্যাচের আগে টাইগারদের সমীহ করছে প্রোটিয়ারা। একই সঙ্গে দ্বিতীয় টেস্টেও চ্যালেঞ্জ দেখছে সফরকারীরা।
সোমবার
(২৭ অক্টোবর) সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে
দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত টেস্ট অধিনায়ক এইডেন মার্করাম বলেন, ‘এটা আমাদের জন্য আরও
একটি সুযোগ। আপনি প্রতিটি ম্যাচই জিততে চাইবেন। সামনে আমাদের বেশকিছু টেস্ট আছে। আমরা
সেশন বাই সেশন এগিয়ে যেতে চাই।’
এ
সময় উইকেট নিয়ে প্রশ্ন করা হলে মার্করাম জানান, যেমন উইকেটই হোক বেশি রান করার দিকে
নজর ব্যাটারদের, ‘এখনও উইকেট দেখিনি। এখন দেখব। এরপর একাদশ নিয়ে ভাবব। মনে হচ্ছে ঢাকার
চেয়ে এই উইকেট ভিন্ন। যেভাবেই হোক রান করতে হবে। সবাইকেই দায়িত্ব নিয়ে ব্যাট করতে হবে,
বাংলাদেশের বোলারদের চাপে রাখতে হবে।’
দীর্ঘদিন
পর উপমহাদেশে কোনো টেস্ট জিতে স্বস্তি প্রোটিয়া শিবিরে। মার্করাম জানান, ‘অবশ্যই, এটা
স্বস্তি। উপমহাদেশে খেলা সব সময় চ্যালেঞ্জ। জয়ের আশা নিয়ে এই ম্যাচেও আমরা মাঠে নামব।
বাংলাদেশ হোম কন্ডিশনে ভালো দল। তাই এই ম্যাচও আমাদের জন্য কঠিন হতে যাচ্ছে।’
সাগরিকায়
সফরকারী দলকে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে গরম। আর্দ্রতার কারণে গরমের তীব্রতা আরও বেশি
অনুভূত হচ্ছে। তবে সে প্রস্তুতিও রাখছে দক্ষিণ আফ্রিকা। মার্করাম জানান, ‘আমাদের হাইড্রেটেড
থাকতে হবে, নিশ্চিত করতে হবে শরীর যেন ভালো থাকে। বোলিংয়ে রিটেনশন জরুরি, ফিল্ডিংয়ের
সময় শরীরের দিকে খেয়াল রাখতে হবে। আশা করি ভালো পাঁচটি দিন কাটবে।’