প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪ ১৬:১২ পিএম
তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে অস্ট্রেলিয়া সফর করবে পাকিস্তান দল। তার আগে দলটির কোচিং প্যানেলে এসেছে বড় পরিবর্তন। দায়িত্ব নেওয়ার ৬ মাস না যেতেই পদত্যাগ করেছেন দলটির সাদা বলের প্রধান কোচ গ্যারি কারস্টেন। তার জায়গায় অস্ট্রেলিয়া সফরে পাকিস্তানের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন লাল বলের কোচ জেসন গিলেস্পি।
সোমবার (২৮ অক্টোবর) পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে কারস্টেনের পদত্যাগ পত্র গৃহীত হয়েছে বলে নিশ্চিত করেছে। সেই সঙ্গে অস্ট্রেলিয়া সফরের কোচ হিসেবে জেসন গিলেস্পিকে ঠিক করার বিষয়টি জানানো হয়েছে।
এর আগে, গিলেস্পি ও কারস্টেনকে একই সঙ্গে দুটি ভিন্ন ফরম্যাটের ক্রিকেটে নিয়োগ দিয়ে ছিল পিসিবি। তবে সাম্প্রতিক সময়ে দল নির্বাচনে কোচের ভূমিকা তুলে নেওয়ায় পিসিবির সঙ্গে দ্বন্দ্বে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন কারস্টেন। তার জায়গাতেই এবার বসতে যাচ্ছেন গিলেস্পি। মেলবোর্নে আগামী ৪ নভেম্বর থেকে শুরু হবে পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজ।
এদিকে পাকিস্তানের সংবাদমাধ্যমের দাবি, গিলেস্পিকে বেছে নেওয়ার পেছনে কাজ করেছে; সাম্প্রতিক সময়ে ঘরের মাঠে টেস্টে ইংল্যান্ডকে সিরিজ হারানো। তাছাড়া এই সফরটি আগামী বছর পাকিস্তানের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযানের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। যেখানে সাফল্য পেলে দীর্ঘ মেয়াদে সাদা বলেও গিলেস্পিকে বেছে নিতে পারে পিসিবি।