প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪ ১৩:১৭ পিএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪ ১৩:২৭ পিএম
নিউজিল্যান্ডের কাছে টেস্টে হারের পর ভারতের আগ্রাসি ক্রিকেট নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। অথচ দলটির অধিনায়ক রোহিত শর্মা সাফ জানিয়ে দিয়েছেন, হারলেও খেলার ধরন বদলাবেন না তারা। ভারতের এই খেলার ধরন পছন্দ মহেন্দ্র সিংহ ধোনিরও। যেভাবে ক্রিকেট খেলার ধরনে বদল এসেছে তা ভালো লেগেছে তার। ধোনি জানিয়েছেন, ড্রয়ের মতো বিরক্তিকর আর কিছু নেই।
টেস্ট ক্রিকেট খেলার ধরনে এ বদল নিয়ে ধোনি বলেন, ‘এ ধরনের ক্রিকেটকে যেকোনো নামে ডাকা যেতে পারে। কিন্তু আসল কথা হলো, ক্রিকেটে বদল এসেছে। ক্রিকেট খেলার ধরনে বদল এসেছে। আগে এক দিনের ক্রিকেটে যে রান করে দল জিতত, এখন টি-টোয়েন্টিতেও সে রান তাড়া হয়ে যাচ্ছে। দিনের শেষে এটা খেলা একটা ধরন। এ আগ্রাসি ক্রিকেট আমার পছন্দ।’
ভারতের হয়ে ৯০টি টেস্ট খেলা ধোনি মনে করেন, পাঁচ দিন খেলে ড্র করার মতো বিরক্তিকর আর কিছু নেই। ড্র নিশ্চিত জানার পরও পঞ্চম দিন মাঠে থাকার যে যন্ত্রণা সে অভিজ্ঞতাও জানিয়েছেন তিনি। ধোনি বলেন, ‘টেস্ট ড্র হবে জানার পরও পঞ্চম দিন খেলতে নামতে আমার সবচেয়ে বিরক্তি লাগত। কারণ অনেক সময় গোটা দিন কিপিং করতে হতো। আমি জানি যে ম্যাচ ড্র হবে। কোনোভাবেই ফলাফল হবে না। ব্যাটার, বোলাররাও সারা দিন ধরে পরিশ্রম করছে। এত কিছুর পর খেলা ড্র হচ্ছে। এর থেকে বিরক্তিকর আর কিছু হয় না।’
কয়েক বছরে ভারতের খেলার ধরন বদলেছে। ফলে কমেছে ড্রয়ের সংখ্যাও। এখন বেশিরভাগ টেস্টে হারজিত দেখা যাচ্ছে। ধোনির মতে, খেলায় যেকোনো দল জিততে পারে। কিন্তু শেষ পর্যন্ত ফলাফলটাই আসল। তিনি বলেন, ‘ভাবুন তো, পাঁচ দিন সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত মাঠে থাকার পর দেখলেন খেলা ড্র হলো। এটা তো কোনোভাবেই ক্রিকেটের ভালো বিজ্ঞাপন হতে পারে না। এখন অনেক বেশি টেস্টে ফলাফল দেখা যাচ্ছে। টেস্ট খেলার ধরনে যে বদল এসেছে সেটা আমার খুব ভালো লাগছে।’