প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪ ১২:০৭ পিএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪ ১২:২০ পিএম
অস্ট্রেলিয়া-জিম্বাবুয়ের বিপক্ষে দল ঘোষণা, কেন্দ্রীয় চুক্তিতে অদল-বদল, নতুন অধিনায়কের নাম প্রকাশ—গতকাল রবিবার এমন অনেক ঘটনাই ঘটে পাকিস্তান ক্রিকেটে। তবে আজ সোমবার আরও বড় ঘটনার সাক্ষী দেশটির ক্রিকেট। সাদা বলের প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করলেন গ্যারি কারস্টেন। দক্ষিণ আফ্রিকান কোচের এমন আচমকা সিদ্ধান্তে ঘোর বিপদে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
কেন, কি কারণে পদত্যাগ করলেন, এ ব্যাপারে প্রকাশ্যে কোনো বিবৃতি দেননি কারস্টেন। ধারণা করা হচ্ছে, বোর্ডের কিছু কাজে অসন্তুষ্ট ছিলেন। ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকইনফো জানিয়েছে, দল ঘোষণা (অস্ট্রেলিয়া এবং জিম্বাবুয়ে সিরিজের) ও সীমিত ওভারের ক্রিকেটের নতুন অধিনায়ক ঘোষণার সময় বোর্ডের মধ্যে চরম অসন্তোষ দেখা দেয় সে কারণেই তিনি পদত্যাগ করতে পারেন।
ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হচ্ছে, এখনই চূড়ান্ত সিদ্ধান্ত জানা না গেলেও গ্যারি কারস্টেনের বিদায়টাই হতে পারে পাকিস্তান ক্রিকেটের নতুন ঘটনা। তবে সোমবার অস্ট্রেলিয়াগামী পাকিস্তান দলে কারস্টেনের না থাকার সম্ভাবনাই বেশি। শুধু অস্ট্রেলিয়া সফর না, এরপরের জিম্বাবুয়ে সফরেও দলের সঙ্গে না থাকার গুঞ্জন আছে। অর্থাৎ নিয়োগের পাঁচ মাসের মাথায় পাকিস্তানের কোচের দায়িত্ব ছাড়তে যাচ্ছেন এই প্রোটিয়া কোচ।
পাকিস্তানের কোচ হিসেবে কারস্টেনের প্রথম বড় টুর্নামেন্ট ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে পাকিস্তানের কোচ হিসেবে তার সূচনা ভালো হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের বিপক্ষে পরাজয়ের ফলে পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল তিনটি ম্যাচ খেলেই।
কারস্টেনের বিদায়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নতুন কোচ খুঁজতে হবে পাকিস্তানকে। কোচ খোঁজার জন্য সময়টা মোটেই সুবিধাজনক না দেশটির জন্য। দুই দশকেরও বেশি সময় পর প্রথমবারের মতো আইসিসি টুর্নামেন্ট আয়োজন করবে তারা। তার আগেই এমন বিপদ।