এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাই
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪ ১৯:০০ পিএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪ ২০:৫২ পিএম
চোখ ছিল এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে। কিন্তু মূল পর্বের টিকিট পাওয়ার আশা বাঁচিয়ে রাখতে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। কম্বোডিয়ার রাজধানী নমপেনে জয় তুলে নিতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। যদিও প্রতিপক্ষ আফগানিস্তানের বিপক্ষে বেশ দাপটের সঙ্গেই লড়াই শুরু করেছিল কোচ সাইফুল বারী টিটুর শিষ্যরা। প্রথমার্ধে ২-১ গোলের লিড নিয়ে জয়ের স্বপ্নই বুনেছিল। শেষ রক্ষা হয়নি। আফগানদের কাছে ৩-২ গোলে হার মানতে হয়েছে দেশের ছেলেদের। হার মানায় বাছাই পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের।
গ্রুপ ‘বি’তে কম্বোডিয়ার কাছে ১-০ গোলের হার দিয়ে বাছাইপর্ব শুরু করেছিল বাংলাদেশ। পরে ফিলিপাইন ও ম্যাকাওয়ের বিরুদ্ধে জেতে দেশের ফুটবলাররা। ফিলিপাইনকে ১-০ গোলে ধরাশায়ী করার পর ম্যাকাওকে ধসিয়ে দিয়েছিল ৭-০ গোলে।
আজ রবিবার আফগানিস্তানকে হারানোর লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল বাংলাদেশ। লড়াইয়ের ষষ্ঠ মিনিটে মিঠু চৌধুরী লাল-সবুজের জার্সিধারীদের এগিয়েও দিয়েছিলেন। পরে ম্যাচের ২৯ মিনিটে আফগানিস্তান সমতাসূচক পায়। দূরপাল্লার শটে ইয়াসির শাফি বোকা বানান বাংলাদেশের গোলরক্ষককে।
প্রথমার্ধের ইনজুরি টাইমের প্রথম মিনিটে অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের কর্নার থেকে বাংলাদেশকে ফের ২-১ গোলের লিড এনে মোর্শেদ আলী। ফয়সালের কর্নার শফিক রহমানের পায়ের ছোঁয়া পেয়ে বল চলে যায় মোর্শেদের কাছে। বক্সের মধ্যে বল পেয়ে মোর্শেদ নির্ভুল নিশানায় লক্ষ্যভেদ করেন। প্রথমার্ধে বাংলাদেশ এগিয়ে ছিল ২-১ গোলে।
বিরতির পর আফগানিস্তান আধিপত্য বিস্তার করে খেলতে থাকে। বাংলাদেশও সমানতালে লড়াই চালিয়ে গেছে। রক্ষণের ভুলে ৬৪ মিনিটে আফগানিস্তান ২-২ গোলে সমতায় ফেরে। নাওয়াদ মাহবুবী কাট ব্যাকটি করলে সেটা রুখে দেন বাংলাদেশের গোলকিপার আলিফ হোসেন। ফিরতি বল পেয়ে বাংলাদেশের তিন ডিফেন্ডারের মাঝ দিয়ে জাল কাঁপান বদলি খেলোয়াড় মোহাম্মদ মিলাদ নূরী। ৬ মিনিট পর আফগানিস্তানের আরেক বদলি ফুটবলার আরাশ আহমাদি জয়সূচক গোল এনে দেন।