× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এল ক্লাসিকো

হতাশ আনচেলত্তি, ফ্লিকের উচ্ছ্বাস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪ ১৮:৪২ পিএম

ক্লাসিকো শেষে ফ্লিকের শিষ্যদের স্তুতি গেয়েছেন রিয়াল বস আনচেলত্তি— সংগৃহীত ছবি

ক্লাসিকো শেষে ফ্লিকের শিষ্যদের স্তুতি গেয়েছেন রিয়াল বস আনচেলত্তি— সংগৃহীত ছবি

পরিণত রিয়াল মাদ্রিদের সামনে পড়েছিল উড়তে থাকা বার্সেলোনা। একে তো লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ, তারউপর মৌসুমের প্রথম এল ক্লাসিকো। তাও আবার সান্তিয়াগো বার্নাব্যুতে। চাপ স্বভাবতই ছিল, কিন্তু সেই চাপ উল্টো রিয়ালকে বিধ্বস্ত করে ফিরিয়ে দিয়েছেন হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। কোচ হিসেবে ক্লাসিকোতে বাজিমাত করে তাই যারপরনাই খুশি জার্মান কোচ ফ্লিক। ঘরের মাঠে পয়েন্ট খোয়ানোতে নাখোশ কার্লো আনচেলত্তি। সুযোগ হারানোর হতাশাই জাপটে ধরেছে ইতালিয়ান মাস্টারমাইন্ডকে।

গতকাল রাতে বার্নাব্যুতে রিয়াল হেরেছে ৪-০ গোলের বড় ব্যবধানে। ম্যাচে প্রতিপক্ষের ওপর ছড়ি ঘোরানো বার্সার হয়ে দারুণ করেছে আক্রমণভাগ। গোলবারের নিচে দুর্দান্ত ছিলেন ইনাকি পেনা। তাকে আলাদা করে প্রশংসিত করে কৃতিত্ব সবাইকে দিয়েছেন বার্সা কোচ, ‘ইনাকি পেনা দারুণ করেছে। ডিফেন্স লাইনও অসাধারণ খেলেছে। ফুটবলারদের আত্মবিশ্বাস বাড়াতে ম্যাচটা গুরুত্বপূর্ণ ছিল, যা তারা পেয়েছে। ড্রেসিংরুমে তাদের উদযাপন খুব ভালো লেগেছে।’

চ্যাম্পিয়ন্স লিগে নিজের সাবেক ক্লাব বায়ার্ন মিউনিখকে দিয়ে শুরু, এরপর রিয়াল মাদ্রিদ। তাও লস ব্লাঙ্কোসদের আঁতুড়ঘরে। যেটা কেউ কখনো ভাবেনি, অভিষেক এল ক্লাসিকোতে সেটাই করে দেখিয়েছেন বার্সা বস ফ্লিক। জার্মান কোচ গুঁড়িয়ে দিয়েছেন আনচেলত্তির অহংকার। টানা চার এল ক্লাসিকো হারের পর বার্সাকে জয়ের মুখ দেখিয়েছেন ফ্লিক। রিয়ালের মাঠে জিতেছে ১৯ মাস পর। সব মিলিয়ে রিয়ালের বিপক্ষে জয় এখন ১০১ ম্যাচে। এ ম্যাচে ফুটবলারদের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট জার্মান কোচ, ‘বার্সার হয়ে এই কীর্তি গড়তে পেরে আমি সত্যিই খুব খুশি। এটা আমার ক্যারিয়ারে নতুন এক অধ্যায় হয়ে থাকবে। আমরা খুব ভাল খেলেছি, ফুটবলারদের নিয়ে আমি গর্বিত।’

বড় হার হজম করতে কষ্ট হচ্ছে আনচেলত্তির। ইতালিয়ান কোচের কণ্ঠে সুযোগ কাজে না লাগাতে পারার আক্ষেপ, ‘তার (এমবাপের) সামনে গোল করার সুযোগ ছিল। কিন্তু সে অফসাইডে ছিল। আর এটা হতেই পারে। তবে, সত্যি বলতে তিন চারটা সুযোগ সে কাজে লাগাতে পারেনি। যেখানে আমরা এগিয়ে যেতে পারতাম। তারা ভালো খেলেছে। জয় তাদের প্রাপ্য। তবে, আমরাও খারাপ খেলিনি। ভুলগুলো শুধরে নিতে হবে।’

স্প্যানিশ লা লিগায় টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ছোঁয়ার হাতছানি নিয়ে খেলতে নেমেছিল মাদ্রিদ। কিন্তু মর্যাদার লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার সামনে মুখ থুবড়ে পড়ে লস ব্লাঙ্কোসরা। রবার্ট লেভানদোভস্কি-লামিনে ইয়ামালদের মুহুমুহু আক্রমণের সামনে অসহায় হয়ে পড়ে রিয়াল শিবির। এতে লিগে এবারের আসরের পয়েন্ট তালিকার শীর্ষস্থান মজবুত করে ফ্লিকের শিষ্যরা। লা লিগার ম্যাচটিতে সবগুলো গোলই আসে বিরতির পর। অসাধারণ ছন্দে থাকা পোলিশ স্ট্রাইকার লেভানদোভস্কি পরপর দুই মিনিটে জাল খুঁজে নেন। এরপর ব্যবধান বাড়ান লামিন ইয়ামাল ও রাফিনিয়া। তাতেই উত্তেজনা চড়ানো ক্লাসিকোতে রিয়ালের বড় হার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা