প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪ ১৭:৫৪ পিএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৪ ১৮:০০ পিএম
লামিনে ইয়ামাল ও ক্রিশ্চিয়ানো রোনালদোর কালমা উদযাপন
এল ক্লাসিকোতে ৪-০ গোলে জয়ের উচ্ছ্বাসে মেতেছে বার্সেলোনা। সান্টিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দেওয়ার পেছনে অবদান আছে লামিনে ইয়ামালেরও। শনিবার রাতে হাইভোল্টেজ ম্যাচজুড়ে রিয়ালের হুমকি থাকা ইয়ামাল পেয়েছেন এল ক্লাসিকোতে প্রথম গোলের দেখা। এই গোলেই নতুন এক রেকর্ড গড়ে ফেলেছেন এ স্প্যানিশ উইঙ্গার।
এল ক্লাসিকোতে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোল করার কীর্তি নিজের করে ফেলেছেন। শনিবার রাতে ইয়ামাল গোল করেন ১৭ বছর ১০৬ দিন বয়সে। তার আগে এই রেকর্ড ছিল বার্সেলোনারই সাবেক ফরোয়ার্ড আলফোনসো নাভারোর ব্যক্তিগত সম্পত্তি। এল ক্লাসিকোতে নাভারো প্রথম গোল পেয়েছিলেন ১৭ বছর ৩৫৬ দিন বয়সে।
বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদকে বিধ্বস্ত করার ম্যাচে বার্সেলোনা যখন গোল ব্যবধান দ্বিগুণ করে ফেলেছে। তখন আরও একটি গোল স্কোরশিটে যোগ করেন ইয়ামাল। ম্যাচের ৭৭ মিনিটে বক্সে রাফিহার পাস পেয়ে চোখ ধাঁধানো এক শটে গোল আদায় করেন ইয়ামাল। স্প্যানিশ লিগের এবারের মৌসুমে এটি ইয়ামালের পঞ্চম গোল। আর সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে ১৪ ম্যাচে পেলেন ৬ গোল। সতীর্থদের গোলে অ্যাসিস্ট করেন ৭বার।
শুধু গোলের রেকর্ডের জন্যই নয়, ইয়ামাল আলোচনায় উঠে এসেছেন একটু ভিন্ন আঙ্গিকে উদযাপন সেরেও। বার্নাব্যুতে নিজের রেকর্ড গোলের উদযাপন করেন ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো। সিআর সেভেনের বিখ্যাত ‘কালমা’ উদযাপন পুনর্মঞ্চস্থ করলেন ইয়ামাল। এই উদযাপনের অর্থ দাঁড়ায় এমন- ‘শান্ত হও সবাই, আমি আছি তো’। এমন উদযাপনে এক হাতে সবাইকে শান্ত থাকার ইশারা করে নিজের উপস্থিতি জানান দেন রোনালদো। পরে খানিকটা এগিয়ে গিয়েই পেছন ফিরে সবার দৃষ্টি আকর্ষণ করেন। এভাবেই উদযাপন পূর্ণতা পায় পর্তুগিজ মহাতারকার। বার্নাব্যুর দর্শকদের কাছে এই উদযাপন মানেই রোনালদো। অনেকের মতে, এমন উদযাপন করে রিয়াল সমর্থকদের কাঁটা ঘায়ে নুনের ছিটাই দিয়েছেন আসলে বার্সার তারকা উইঙ্গার ইয়ামাল।
উদযাপন করেই ক্ষান্ত হননি ইয়ামাল। নিজের নতুন ধরনের উদযাপনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারও করেছেন। রিয়াল মাদ্রিদের সমর্থকদের খোঁচা দিয়ে ক্যাপশনে লিখে দিয়েছেন, ‘কালমা, অভিযান সম্পন্ন।’ আর ম্যাচ জয়ের পার যারপরনাই উচ্ছ্বসিত ইয়ামাল বলেন, ‘আমি বলতে চাই, বার্সা দীর্ঘজীবী হও। চলো এগিয়ে যাই এবং লা লিগা জিতি। আমরা এটার জন্যই ঝাঁপিয়ে পড়ব।’