প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪ ১৬:০৩ পিএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৪ ১৬:১৫ পিএম
তিন গোল করে ম্যাচসেরা হয়েছেন তহুরা খাতুন । ছবি-বাফুফে
আগের ম্যাচে দুটি। এবার ছাড়িয়ে গেলেন সেটিকেও। আজ রবিবার দক্ষিণ এশিয়ার ‘নারী বিশ্বকাপ’ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে হ্যাটট্রিকের দেখা পেয়েছেন বাংলাদেশের ফরোয়ার্ড তাহুরা খাতুন। তার দুর্দান্ত পারফর্মে ৭-১ গোলের ব্যবধানের জয় পেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে লাল-সবুজের প্রতিনিধিরা সেমি মাড়িয়ে পৌঁছে গেল ফাইনালে।
দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে দুর্দান্ত এ জয়ের পর ম্যাচসেরা পুরস্কার উঠে তহুরার হাতে। তার এই পুরস্কার তিনি উৎসর্গ করেছেন সাবেক দুই কোচ গোলাম রব্বানী ছোটন ও মফিজ উদ্দিনকে। তহুরা বলেছেন, ‘সতীর্থরা আমাকে অনেক সাহায্য করেছে। আজ তারা সেরা খেলাটাই খেলেছে। তাদের কারণেই তিনটা গোল করতে পেরেছি। ম্যাচসেরা হয়েছি। আমার এই পুরস্কার আমার সাবেক দুই কোচ—ছোটন স্যার ও মফিজ স্যারকে উৎসর্গ করেছি। যাদের কারণেই ছোট থেকে এ পর্যন্ত উঠে এসেছি।’
একই তো টানা দ্বিতীয়বারের মতো ম্যাচসেরার পুরস্কার জয়। তার মধ্যে দলও সাফ চ্যাম্পিয়নশিপে তৃতীয়বার ফাইনালে ওঠার স্বাদ পেয়েছে। সবমিলিয়ে যারপরনাই খুশি তহুরা। তিনি বলেছেন, ‘আমার অনেক ভালো লাগছে। আমাদের প্রত্যেকটা প্লেয়ারের অনেক চেষ্টা ছিল। শেষ পর্যন্ত সেমিফাইনাল থেকে ফাইনালে উঠতে পেরেছি। আল্লাহর কাছে শুকরিয়া। টিমম্যাটদের ধন্যবাদ। সে সঙ্গে কোচিং স্টাফদেরও। তাদের জন্যই আমি পুরস্কার পেয়েছি।’
সেমি উৎরে বাংলাদেশ দল এখন ফাইনালে। তাদের সামনে এখন দ্বিতীয় শিরোপা জয়ের হাতছানি। তহুরা মনে করেন, পরিবার এবং বাংলাদেশের সবার দোয়ায় এ পর্যন্ত উঠে এসেছে তারা। একই সঙ্গে বাফুফের দু’হাত প্রসারিত করে দেওয়ারও সুফল পেয়েছেন তারা। তিনি বলেছেন, ‘আমার মা-বাবা আর বাংলাদেশে যারা আছে উনাদের দোয়ায় এ পর্যন্ত আসতে পেরেছি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ। তাদের কারণেই আমরা এ পর্যন্ত আসতে পেরেছি। তারা দীর্ঘদিন আমাদের ক্যাম্পে রেখেছে। বাংলাদেশের মানুষের কাছে একটাই চাওয়া। আমরা ফাইনালে উঠেছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো।’