প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪ ১৫:৫০ পিএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৪ ১৭:১৬ পিএম
পেপ গার্দিওলা
বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া কোচ কে? অনেকে উত্তরে রবার্তো মানচিনির নামই বলবেন। হ্যাঁ, দিন কয়েক আগে এটাই ছিল সঠিক উত্তর। কিন্তু এখন বিশ্বের সর্বোচ্চ উপার্জনকারী কোচ পেপ গার্দিওলা।
সৌদি আরবের জাতীয় দলের কোচ হিসেবে ইতালিয়ান এই ফুটবল গুরু বছরে বেতন পেতেন ২ কোটি ১৫ লাখ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় তা প্রায় ৩৩৩ কোটি ৮৯ লাখ টাকা। গত শুক্রবার মানচিনি সম্পর্ক চুকিয়ে ফেলেছেন সৌদি আরবের জাতীয় দলের সঙ্গে।
ইতালির এ ইউরোজয়ী কোচের চাকরি ছাড়ার খবরটি নিশ্চিত করে সৌদি আরবের ফুটবল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘সৌদি ফুটবল ফেডারেশনের বোর্ড পরিচালকরা এবং জাতীয় দলের কোচ রবার্তো মানচিনি বৃহস্পতিবার নিজেদের চুক্তিভিত্তিক সম্পর্ক শেষ করার ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছে।’
সৌদি ফুটবলের কোচের পদ থেকে সরে দাঁড়ানোয় বিশ্বের সবচেয়ে বেশি আয়ের কোচের খেতাব খুইয়েছেন মানচিনি। তাকে ছিটকে দিয়ে সবচেয়ে বেশি বেতনভুক্ত কোচ এখন ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা।
গার্দিওলা বেশ বড়সড় অঙ্কের বেতন পান। ম্যানচেস্টার সিটিতে বছরে তার বেতন ২ কোটি পাউন্ড। শুধু সিটিকে টানা চার লিগ শিরোপা উপহার দেওয়া গার্দিওলাই নন, এই তালিকায় শীর্ষ দশে থাকা সবাই মানচিনির চাকরি ছাড়ায় এক ধাপ করে ওপরে উঠেছেন।
সবচেয়ে বেশি আয়ের কোচের তালিকায় গার্দিওলার পরেই রয়েছেন তার সাবেক শিষ্য মিকেল আর্তেতা। আর্সেনালকে সোনালি দিনে ফিরিয়ে নেওয়া এ কোচের বাৎসরিক বেতন ১ কোটি ৫০ লাখ পাউন্ড। তাদের পরেই রয়েছেন অ্যাতলেতিকো মাদ্রিদের দিয়েগো সিমিওনে (১ কোটি ১০ লাখ পাউন্ড), রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলত্তি (৯০ লাখ ৬০ হাজার পাউন্ড) ও ফেনারব্যাচের হোসে মরিনহো (৮০ লাখ ৯০ হাজার পাউন্ড)।