× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারী সাফ চ্যাম্পিয়নশিপ

তহুরার হ্যাটট্রিকে ফাইনালে বাংলাদেশ

রুবেল রেহান

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪ ১৫:৩৬ পিএম

আপডেট : ২৭ অক্টোবর ২০২৪ ১৭:১১ পিএম

গোলের পর মেয়েদের উল্লাস। (বা থেকে) তহুরা, মারিয়া, সাবিনা ও ঋতুপর্ণা। ছবি : বাফুফে

গোলের পর মেয়েদের উল্লাস। (বা থেকে) তহুরা, মারিয়া, সাবিনা ও ঋতুপর্ণা। ছবি : বাফুফে

সর্বশেষ সাফের অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ। সেবারও নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ফাইনালে ওঠার পথে ভুটানকে আট গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। একই মাঠে একই প্রতিপক্ষকে পেয়ে একই কায়দায় দাপট দেখিয়ে পরপর নারী সাফের ফাইনালে উঠল লাল সবুজের প্রতিনিধিরা।

রবিবার সাফের প্রথম সেমিফাইনালে ভুটানকে ৭-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এ নিয়ে সাফ যাত্রায় টানা ৮ ম্যাচ অপরাজিত থাকলো দেশের মেয়েরা। এদিন খেলায় হ্যাটট্রিক করেছেন তহুরা খাতুন। গেল সাফের সেমিফাইনালে হ্যাটট্রিক করেছিলেন সাবিনা খাতুন। আজও হ্যাটট্রিকের দোড়গোড়ায় ছিলেন তিনি। তবে ম্যাচে জোড়া গোল করা সাবিনাকে দ্বিতীয়ার্ধের শুরুতেই তুলে নেন কোচ পিটার জেমস বাটলার। খেলায় একটি করে গোল করেছেন ঋতুপর্ণা চাকমা ও মাসুরা পারভীন। ২০২২ সালের সেমিফাইনালেও ভুটানের বিপক্ষে একটি করে গোল পেয়েছিলেন ঋতু ও মাসুরা। তবে ওই ম্যাচে এক গোল পাওয়া তহুরা আজ ছাড়িয়ে গেলেন নিজেকে।

সেমিফাইনালে নামার আগের দিন শনিবার সাবিনাকে নিয়ে শঙ্কা জাগে। জ্বরে ভুগতে থাকা সাবিনাকে দেখা যাবে না ভুটানের বিপক্ষে ম্যাচে, এমনটাই জানা যায় দলের সূত্রে। তবে সব শঙ্কা উড়িয়ে এদিন অধিনায়ককে শুরুর একাদশে রাখেন কোট পিটার বাটলার। যতক্ষণ মাঠে ছিলেন দুর্দান্ত ছিলেন সাবিনা, আগের দুই ম্যাচে সেভাবে পারফর্ম করতে না পারায় কথা ওঠে তাকে নিয়ে। সেসবের উত্তর দিতেই বোধকরি এদিন তেতে ওঠেন বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা নারী ফুটবলার সাবিনা।

খেলার তৃতীয় মিনিটেই ভালো আক্রমণ শানায় বাংলাদেশ। তবে সাবিনার ক্রস থেকে শট গোলে রাখতে পারেননি তহুরা খাতুন। চতুর্থ মিনিটে প্রথম কর্নার পায় বাংলাদেশ। তবে সেখান থেকে ফায়দা তুলে নিতে পারেনি মেয়েরা। ষষ্ঠ মিনিটে সাগরিকার শট আটকে দেন ভুটানি ডিফেন্ডাররা। তবে বাংলাদেশকে বেশিক্ষণ আটকে রাখা যায়নি।

সপ্তম মিনিটে ডেডলক ভাঙেন ঋতুপর্ণা চাকমা। আগের দুই ম্যাচে গোল না পেলেও সেমিতে এসে ম্যাচের ‍শুরুতেই জালের নাগাল পান অভিজ্ঞ এই ফরোয়ার্ড। বক্সের সামনে থেকে লেফট উইংয়ে ঋতুকে পাস দেন মাসুরা পারভীন। বা পায়ের জোরালো ও দূরপাল্লার শটে সরাসরি বক্স কাপান ঋতু। ঋতুর দুর্দান্ত শটের জবাব যেন ছিল না ভুটানের গোলরক্ষক সংগীতা মঙ্গার কাছে। ডান দিকে ঝাঁপিয়ে বল আটকানোর চেষ্টা করেও নাগাল পাননি তিনি। এবারের টুর্নামেন্টে এটি ঋতুর প্রথম গোল।

খেলার ১২ মিনিটে লিড দ্বিগুণের সুযোগ আসে বাংলাদেশের সামনে। তবে সাগরিকাকে গোলবঞ্চিত করে ভুটানের ডিফেন্ডার দোরজিয়েদন। বাম প্রান্ত দিয়ে ভুটানি সীমানায় ঢুকে পড়েন ঋতু। দারুণ ক্রসে বল দেন বক্সের ডানপ্রান্তে থাকা সাগরিকাকে। তরুণ এই স্ট্রাইকার হেড নিলে বল জাল খুজেই নিচ্ছিল। তবে শেষ মুহূর্তে গোললাইন ক্লিয়ারেন্সের মাধ্যমে ভুটানকে বিপদমুক্ত করেন দোরজিয়েদন। তিনি মিনিট পরই লিড দ্বিগুণ করেন তহুরা। ডিফেন্ডার সিউলি আজিমের অ্যাসিস্টে বক্সের সামনে থেকে বা পায়ের শটে লক্ষ্যভেদ করেন ভারতের বিপক্ষে জোড়া গোল করা তহুরা। প্রতিযোগিতায় এটি তার তৃতীয় গোল।

খেলার ১৮ মিনিটে গোল পরিশোধের ভালো সুযোগ হারায় ভুটান। থ্রু পাস পেয়ে শট নিতে ব্যর্থ হন পেমা চদান শেরিং। আগুন্তুক গোলরক্ষক রূপনা বল পুরোপুরি ক্লিয়ার করতে পারেনি। দ্বিতীয় প্রজচেষ্টায় ফাকা গোলেও শট লক্ষ্যে রাখতে পারেননি দেকি লাজম। বল যায় বক্সের ডানপাশ ঘেষে বল বেরিয়ে যায়।

খেলার ২৫ মিনিটে গোল মিস করে বাংলাদেশ। রূপনার গোলকিক মাঝমাঠে পান সাবিনা খাতুন। কয়েকজনকে কাটিয়ে এই ফরোয়ার্ড শট নেন গোলে; বারে লেগে ফিরে আসলে গোলবঞ্চিত হন বাংলাদেশ অধিনায়ক। তবে পরের মিনিটেই আক্ষেপ ঘোচান সাবিনা। মাঝ মাঠ থেকে ভুটানের এক খেলোয়াড়ের কাছ থেকে বল কেড়ে নিয়ে আরেক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের ডান দিক থেকে সাবিনাকে ক্রস দেন মনিকা চাকমা। গোলমুখ থেকে আলতো টোকায় জালে বল জড়ান অভিজ্ঞ ফরোয়ার্ড সাবিনা। এবারের সাফে এটি সাবিনার প্রথম গোল। 

৩৮ মিনিটে চিপশটে বক্সের বাইরে থেকে গোল করনে তহুরা। ততে বাংলাদেশ এগিয়ে যায় ৪-০ ব্যবধানে। ম্যাচে তহুরার দ্বিতীয় গোল, প্রতিযোগিতায় চতুর্থ। দুই মিনিট পর লিড ৫-০ করেন সাবিনা। রূপনার গোলকিক থেকে মাঝমাঠে বল পান সাবিনা। সেখান থেকে ভুটানের কয়েকজনকে কাটানোর পর গোলরক্ষককে বোকা বানিয়ে ফাঁকা গোল কাঁপান বাংলাদেশ অধিনায়ক। 

৪১ মিনিটে এক গোল পরিশোধ দেয় ভুটান। বক্সের ডানপ্রান্ত থেকে সতীর্থের ক্রস। সেখান থেকে প্লেসিং শটে রূপনার পায়ের নিচ দিয়ে বলে জাল জড়ান দেকি লাজম। তারপরও প্রথমার্ধে ৫-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পর ফিরে খেলার ৫৮ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন তহুরা। বাংলাদেশ লিড নেয় ৬-১ গোলের। মনিকার থ্রু পাস থেকে গোলমুখে ভুটানি গোলরক্ষককে পরাস্ত করেন তহুরা। এবারের টুর্নামেন্টে এ নিয়ে পাঁচ গোল হলো তহুরার। পরের মিনিটে আক্রমণে ওঠে ভুটান। তবে লাল সবুজের ডিফেন্ডাররা ছিলেন প্রস্তুত।

৬২ মিনিটে তিন পরিবর্তন আনেন বাংলাদেশে কোচ পিটার বাটলার। ঋতু, সাগরিকা ও সাবিনাকে তুলে মাঠে নামান স্বপ্না রানী, সানজিদা আক্তার ও শাহেদা আক্তার রিপাকে। বদলি নেমে অবশ্য প্রথম সুযোগটা কাজে লাগাতে পারেননি স্বপ্না। ৬৮ মিনিটে রক্ষণচেরা পাসে বল পেয়ে যান তিনি। কিন্তু গোলে শট নেওয়ার আগে জটলায় পড়ে যান স্বপ্না। গোলের সুযোগ হারায় বাংলাদেশ।

তবে আরেক বদলি সানজিদার কর্নার কিকে খেলার ৭২ মিনিটে লিড বাড়ায় বাংলাদেশ; গোলমুখের সামনে থেকে হেডে বক্স কাঁপান মাসুরা। এবারের প্রতিযোগিতায় প্রথম গোল পেলেন সাফজয়ী এই অভিজ্ঞ ডিফেন্ডার। গোল পাওয়ার খানিক পরেই মাসুরাকে তুলে কোহাসি কিসকুকে মাঠে নামান কোচ। কয়েকমিনিট পর মারিয়া মান্ডাকে ‍তুলে সুমাইয়া মাতসুশিমাকেও মাঠে নামান পিটার বাটলার। খেলার ৮৭ মিনিটে দারুণ শটে একটুর জন্য গোল পাননি এই ফরোয়ার্ড। বক্সের সামনে থেকে তার নেওয়া জোড়ালো শট যায় বক্সের সামাস্য ওপর দিয়ে।

বাকি সময়ে চেষ্টা করেও গোল পায়নি কোনো দল। শেষ পর্যন্ত ৭-১ ব্যবধানের জয় নিয়েই ফাইনাল নিশ্চিত করে মাঠ ছাড়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা। সন্ধ্যায় সাফের দ্বিতীয় সেমিফাইনালে নেপালের বিপক্ষে মাঠে নামবে ভারত। বাংলাদেশের ফাইনালিস্ট কে হতে যাচ্ছে এখন আপাতত নজর সেদিকেই। ওই ম্যাচটি মাঠে গড়াবে আজ সন্ধ্যা সাড়ে ৬টায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা