বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরে বদলে গেছে ঢাকার ফ্র্যাঞ্চাইজি। আগের আসরে দুর্দান্ত ঢাকা নামে অংশ নেওয়া ফ্র্যাঞ্চাইজিটি আসন্ন আসরে অংশ নেবে ঢাকা ক্যাপিটালস নামে। ইতোমধ্যে তারকা নির্ভর দল গড়ে নজর কেড়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এবার পাকিস্তানি সাবেক অফস্পিনার সাঈদ আজমলকে মেন্টর নিয়োগ দিয়েছে রাজধানীর দলটি।
শনিবার (২৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসুবকে নিজেদের পেজে সাইদ আজমলকে মেন্টর হিসেবে নিয়োগ দেওয়ার কথা নিশ্চিত করেছে ঢাকা ক্যাপিটালস। এর আগে গত বুধবার ঢাকার প্রধান কোচ হিসেবে খালেদ মাহমুদ সুজনকে বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার শহীদ আফ্রিদিও চিটাগাং কিংসের ‘ব্রান্ড অ্যাম্বাসেডর’ হিসেবে থাকবেন।
এবারের বিপিএলে ঢাকার মালিকানা নিয়েছেন শাকিব খান। বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় এই নায়কের মালিকাধীন কসমেটিকস ও হোম কেয়ার কোম্পানি রিমার্ক-হারল্যানের দলের নাম দেওয়া হয় ‘ঢাকা ক্যাপিটালস’। সব ঠিক থাকলে বিপিএলের একাদশ আসর শুরু হবে আগামী ২৭ ডিসেম্বর থেকে।
যার জন্য প্লেয়ার্স ড্রাফটের আগেই ঢাকা দেশীয়দের মধ্যে মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম এবং বিদেশি ক্যাটাগরিতে থিসারা পেরেরা, জনসন চার্লস, স্টিফেন স্কিনাজি, আমির হামজা ও শাহনেওয়াজ দাহানিকে দলে নেয়। পরবর্তীতে ড্রাফট থেকে লিটন দাস, সাব্বির রহমান ও সাইম আইয়ুবদের মতো তারকাদের নিয়ে দল ভারী করে ফ্র্যাঞ্চাইজিটি।
ঢাকা ক্যাপিটালসের স্কোয়াড : লিটন দাস, হাবিবুর রহমান সোহান, মুকিদুল ইসলাম, আবু জায়েদ রাহি, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান, শাহাদাত হোসেন দিপু, সাইম আইয়ুব, আমির হামজা, মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম, স্টিফেন স্কিনাজি, থিসারা পেরেরা, জনসন চার্লস, আমির হামজা, শাহনেওয়াজ দাহানি।