× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লুইসের সেঞ্চুরিতে হোয়াইটওয়াশ এড়াল ক্যারিবীয়রা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪ ১৩:৩২ পিএম

লুইসের সেঞ্চুরিতে হোয়াইটওয়াশ এড়াল ক্যারিবীয়রা

শ্রীলঙ্কা সফরে টি-টোয়েন্টির পর ওয়ানডেতে সিরিজও খুইয়ে বসেছিল ওয়েস্ট ইন্ডিজ। গতকাল শনিবার তৃতীয় ও শেষ ওয়ানডে ছিল তাদের জন্য ধবলধোলাই এড়ানোর লড়াই। তাই দীর্ঘ ১৯ বছর ধরে লঙ্কান ভূমিতে ওয়ানডেতে জয়হীন ক্যারিবীয়রা হোয়াইটওয়াশ এড়ানোর পাশাপাশি অধরা জয় পেতে মরিয়া হয়ে ছিল।বৃষ্টিবিঘ্নিত ম্যাচে এভিন ‍লুইসের বিধ্বংসী সেঞ্চুরিতে অবশেষে ধরা দিয়েছে বহুল কাঙ্খিত জয়। 

শনিবার (২৬ অক্টোবর) পাল্লেকেলেতে কয়েক দফায় বৃষ্টির বাগড়ায় সিরিজের শেষ ওয়ানডে নেমে আসে ২৩ ওভারে। আগে ব্যাট করে পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিসের ফিফটিতে স্কোরবোর্ডে ১৫৬ রান করে লঙ্কানরা। ডাকওয়ার্থ লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে ১৯৫ রানের লক্ষ্য লুইসের অপরাজিত সেঞ্চুরিতে ৬ বল এবং ৮ উইকেট হাতে রেখেই পেরিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। 

বড় লক্ষ্য তাড়ায় ধীরেসুস্থে শুরু করে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ৫ ওভারে তারা উইকেট না হারিয়ে করে ৩৫ রান। এরপরই ১৯ বলে ১৬ রান করা ব্র্যান্ডন কিং আসিথার বলে আউট হয়ে যান। এরপর শাই হোপের সঙ্গে লুইস গড়েন ৭২ রানের জুটি। এর মাঝেই ৩৪ বলে ফিফটি করেন লুইস। হোপ (২২) আউট হয়ে যান দিলশান মাদুশঙ্কার বলে। সে সময় ওভারে প্রায় ১০ গড়ে লাগত ক্যারিবীয়দের। 

সেখান থেকে রাদারফোর্ডকে সঙ্গে নিয়ে লুইস ঝড় শুরু করেন। দুজনের অবিচ্ছিন্ন জুটি মাত্র ৪৫ বলেই তোলে ৮৮ রান। এর মাঝে লুইসের পায়ে টান লাগার পরও চিকিৎসা নিয়ে চালিয়ে যান খেলা। শেষ পর্যন্ত তিনি সেঞ্চুরিও পূর্ণ করেন ঝড়ের গতিতে। ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়ার আগে ৬১ বলে ৯ চার ও ৪ ছক্কায় ১০২ রান করেন লুইস। এ ছাড়া ২৬ বলে ৩ ছক্কা ও ৪টি চারে অপরাজিত ৫০ রানের ঝড়ো ইনিংস খেলেন রাদারফোর্ড।

এতে ক্যারিবীয়রা লঙ্কানদের কাছে ১০ ম্যাচ হারের পর ওয়ানডেতে বহুল কাঙ্ক্ষিত জয় পেল। ২০২১ সালের পর এই সিরিজ দিয়ে আন্তর্জাতিক ওয়ানডেতে ফেরা লুইস জয়ের জন্য যখন দলের আর ৫ রান প্রয়োজন, সে সময় সেঞ্চুরি থেকে তিনি ৪ রান দূরে। আসিথা ফার্নান্দোকে লং অফ দিয়ে ছক্কায় উড়িয়ে তিনি দুটি সমীকরণই মিলিয়ে দেন। পেয়ে যান পঞ্চম ওয়ানডে সেঞ্চুরি।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ১০ ওভারে বিনা উইকেটে ৪৯ রান তোলে শ্রীলঙ্কা। নিশাঙ্কা-আভিষ্কা ফার্নান্দোর ওপেনিং জুটি ভাঙে ৮১ রানে। ম্যাচের দৈর্ঘ্য কমে যাওয়ায় হয়তো নিজের ধীরগতির ইনিংস পুড়িয়েছে আভিষ্কাকে (৫০ বলে ৩৪ রান)। পরে অবশ্য সেই ক্ষতি পুষিয়ে আনার চেষ্টা করেন মেন্ডিস ও নিশাঙ্কা। মাত্র ১৯ বলেই ফিফটি তুলে নেন মেন্ডিস। ২২ বলে ৯ চার ও এক ছক্কায় ৫৬ রানে তিনি অপরাজিত ছিলেন। উইন্ডিজরা ৫টি ক্যাচ ছাড়ায় দু’বার করে জীবন পান কুশল-নিশাঙ্কা।

এ ছাড়া শেষদিকে রানআউট হওয়ার আগে ৬২ বলে ৫৬ রান করেন নিশাঙ্কা। ২৩ ওভারে ৩ উইকেটে লঙ্কানরা পায় ১৫৬ রানের পুঁজি। ক্যারিবীয়দের হয়ে একটি করে উইকেট নেন রোস্টন চেজ ও রাদারফোর্ড। ম্যাচসেরা হন লুইস। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা